Ajker Patrika

সেনাবাহিনীর ভূমিকার ওপর অনেকখানি নির্ভর করবে, নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে: নাহিদ ইসলাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সেনাবাহিনীর ভূমিকার ওপর অনেকখানি নির্ভর করবে, নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তা সেনাবাহিনীর ভূমিকার ওপর অনেকাংশে নির্ভর করবে—বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম। গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে তিনি কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘সেনাবাহিনীর ভূমিকার ওপর অনেকখানি নির্ভর করবে, নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে।’ এ সময় ১১ দলীয় জোটের প্রার্থী এবং সমর্থকদের বিভিন্ন জায়গায় লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ করেন নাহিদ। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য আকাঙ্ক্ষিত না অপ্রত্যাশিত।’

নাহিদ বলেন, ‘আমরা মনে–প্রাণে, দৃঢ়ভাবে চাই যে, এই নির্বাচন সুষ্ঠু হোক। জয়-পরাজয় বড় কথা না, এই নির্বাচনের বড় কথা হচ্ছে, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে একটা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম। এক হাজার মানুষের জীবনদানের পরও যদি এটা না হয়, তাহলে আমাদের জন্য ঘোর অন্ধকার সামনের দিনগুলোতে থাকবে।’

প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে অভিযোগ তুলে নাহিদ বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি যে, বিভিন্ন জায়গায় একটি দল—আমাদের যারা প্রতিদ্বন্দ্বী, তাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ওসিদের নির্দেশনা দেওয়া হচ্ছে, যাতে তাদের দলীয় প্রার্থীকে সহায়তা করে।’

বিভিন্ন মিডিয়ার ভূমিকা অত্যন্ত নেতিবাচক বলে অভিযোগ করেন নাহিদ। তিনি বলেন, ‘বিভিন্ন মিডিয়ার ভূমিকা অত্যন্ত নেতিবাচক, আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার-প্রোপাগান্ডা চালানো হচ্ছে ১১ দলের বিরুদ্ধে এবং বিভিন্ন জায়গায় মব তৈরি করে ১১ দলের নেতা-কর্মী-সমর্থকদের পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে।’

বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীও নেতিবাচক ভূমিকা পালন করছে বলে অভিযোগ করেন এনসিপিপ্রধান। জেন-জি ভোটারদের ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ‘তোমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অনেকে হয়তো ভোটার নও, কিন্তু তোমাদের উচিত ভোটকেন্দ্রে আসা। তোমরা ভোটকেন্দ্রে আসো, কেন্দ্রের ৪০০ গজের বাইরে আশপাশে অবস্থান রাখ। যদি অন্যায় দেখো তাহলে প্রতিরোধ কর। বন্ধু-বান্ধবসহ তোমরা দল বেঁধে ভোটকেন্দ্রে আসো, আর তোমরা দেখো কীভাবে ভোট হয় এবং একটা সুষ্ঠু ভোট দেখার এই সৌভাগ্য আমাদের জাতি হিসেবে সবার হোক এটা আমরা প্রত্যাশা করি।’

ফ্যাসিস্টরা নানাভাবে তৎপর হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘তাদের সঙ্গে যোগ দিয়েছে একটি দল, যারা এই নির্বাচনে আছে। ফলে ফ্যাসিস্টদের বিভিন্ন পেজ থেকে বিভিন্ন জায়গাতে নানা ধরনের অপতৎপরতা রয়েছে।’

ঢাকা-১১ আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের এই প্রার্থী বলেন, ‘আরেকটা গণ-অভ্যুত্থানের পরিস্থিতি হোক, আমরা চাই না।’ মিডিয়ার ওপর নির্ভর না করে ভোটকেন্দ্রে যেকোনো অনিয়মের ভিডিও নিজেদের মোবাইলে ধারণ করার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত