
বাংলাদেশে আগে চাকরি পেতে ছাত্রলীগ ও যুবলীগ করতে হতো আর এখন ছাত্রদল-যুবদল ছাড়া চাকরি হয় না বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হওয়ার পর যারা সে অবস্থান থেকে সরে এসেছে, আগামী স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে তাদের ‘লাল কার্ড’ দেখাতে হবে।
আজ রোববার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা ও সমাবেশে’ বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘বাংলাদেশে চাকরি পেতে হলে আগে ছাত্রলীগ ও যুবলীগ করতে হতো, এখন ছাত্রদল-যুবদল ছাড়া চাকরি হয় না। নির্বাচনে আপনারা ভোট দিয়েছেন সংস্কারের জন্য, কিন্তু ভোটের পর তারা দিল্লির দাদা-বাবুদের খুশি করতে এবং মুজিব সংবিধান টিকিয়ে রাখতে সংস্কারের বিরোধিতা শুরু করেছে। যারা নির্বাচনের আগে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে পরে জনগণের সঙ্গে পল্টি মেরেছে, তাদের আগামী স্থানীয় ও জাতীয় নির্বাচনে লাল কার্ড দেখাতে হবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘গত ১৭ বছর তারা একটি বালুর ট্রাকও সরাতে পারেনি। আমরা পড়ার টেবিল থেকে উঠে এসে নির্যাতিত মানুষকে মুক্তি দিয়েছি। এখন তারা আমাদের ও জনগণের ওপর স্টিমরোলার চালাচ্ছে। এখনো সময় আছে, ভালো হয়ে যান, না হলে কীভাবে ভালো করতে হয়, আমরা জানি।’
সমাবেশে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, ‘আমরা সংবিধানের কুসুম কুসুম পরিবর্তন নয়, আমূল পরিবর্তন চেয়েছি। গণমানুষের সংবিধান করতে চেয়েছি। তারা এই সংস্কার মানতে পারছে না... তারা বাংলাদেশের প্রতিটা স্থানীয় কাঠামোতে প্রশাসক নিয়োগ করে একদলীয় শাসন শুরু করার পাঁয়তারা করছে। এটা গণতন্ত্র হতে পারে না। অথচ বিএনপি বহুদলীয় গণতন্ত্রের ক্রেডিট নেয়। আবু সাঈদ যে লক্ষ্য নিয়ে জীবন দিয়েছিল, সেই লক্ষ্য নিয়ে শাসনকাঠামো চালাতে হবে। চব্বিশের আগের বাংলাদেশে আমরা আর ফেরত যেতে চাই না।’

সমাবেশে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, তেঁতুলিয়া ‘চিকেনস নেক’-সংলগ্ন সীমান্ত এলাকা হওয়ায় এটি রক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইন বা সীমান্ত হত্যা হলে বিজিবির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
এ সময় সারজিস আলম অভিযোগ করেন, ‘আমাদের এনসিপির এমপিরা বরাদ্দের সব হিসাব অনলাইনে প্রকাশ করছে। পঞ্চগড়-১ আসনের এমপি কোটি টাকার বিশেষ বরাদ্দ পেয়েছেন, এক টাকারও হিসাব পাইনি। আমার উপজেলা আটোয়ারীতে একটি খাল খননে ৫১ লাখ টাকা বরাদ্দ এসেছে। সেখানে এতই লুটপাট হয়েছে, এতই চুরি হয়েছে যে, তারা শ্রমিকের টাকা খেয়েছে, বালুর টাকা খেয়েছে, এখন খালটা খাওয়ার বাকি।’
সারজিস আলম আরও অভিযোগ করে বলেন, ‘বিএনপি কেবল তাদের যারা ভোট দিয়েছে, তাদের কার্ড দিচ্ছে। তাদের মধ্যেও যারা টাকা দিতে পারে, তাদের কার্ড দিচ্ছে। এই রাজনীতি করতে চাইলে মনে রাখবেন, আপনি যে-ই হোন, আপনাকে গোনার টাইম নাই।’ এ ছাড়া পঞ্চগড়ের জেলা প্রশাসকের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, জেলা প্রশাসক নিরপেক্ষ ভূমিকা পালন করছেন না।
সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদ, পঞ্চগড় জেলা এনসিপির সদস্যসচিব দেলদার রহমানসহ দলের অন্য নেতারা।

ঢাকা উত্তরের জনতার বীরত্ব ও আত্মত্যাগের স্মরণে আয়োজিত ‘রক্তাক্ত জুলাই’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, দেশে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো চেষ্টা হলে উত্তরার জনগণই সবার আগে প্রতিরোধ গড়ে তুলবে...
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের স্থানীয় প্রশাসনিক কাঠামোতে প্রশাসক নিয়োগের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠার পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেন, এটি গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক। অথচ বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কৃতিত্ব দাবি করে।
১৭ ঘণ্টা আগে
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা শরিক দল এবং জোটের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় হবে।
২১ ঘণ্টা আগে
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে বিএনপির ২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী এসব কথা জানান। এদিন দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে হিসাব জমা দেন।
১ দিন আগে