
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) আয়োজিত একটি আঞ্চলিক কর্মশালায় অংশ নিতে বাংলাদেশের কয়েকজন রাজনৈতিক কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধি তাইওয়ান সফরের আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা, এনসিপির গ্লোবাল ডায়াস্পোরা সেলের আহ্বায়ক ও যুগ্ম সদস্যসচিব আলাউদ্দীন মোহাম্মদ এবং এবি পার্টির (আমার বাংলাদেশ পার্টি) যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। আমন্ত্রিতদের এই তালিকায় একজন এনজিওকর্মী রয়েছেন বলে জানা গেছে। তবে তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
আমন্ত্রিতদের মধ্যে দুজন আজকের পত্রিকাকে জানিয়েছেন, তাঁরা তাইওয়ানে অনুষ্ঠিতব্য আইআরআইয়ের কর্মশালায় যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে বাংলাদেশের সঙ্গে তাইওয়ানের কূটনৈতিক সম্পর্ক না থাকায় এবং ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত না হওয়ায় তাঁদের সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।
আইআরআইয়ের আমন্ত্রণপত্র অনুযায়ী, ‘বিদেশি কর্তৃত্ববাদী প্রভাব মোকাবিলায় গণতান্ত্রিক স্থিতিস্থাপকতার জন্য নীতিমালা প্রণয়ন’ শীর্ষক এশিয়া আঞ্চলিক কর্মশালা আগামী ১৪ ও ১৫ জুলাই তাইওয়ানের রাজধানী তাইপেইয়ে অনুষ্ঠিত হবে। এতে এশিয়ার বিভিন্ন দেশের নীতিনির্ধারক, গণমাধ্যমকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। কর্মশালার লক্ষ্য বিদেশি কর্তৃত্ববাদী প্রভাব মোকাবিলায় গণতান্ত্রিক স্থিতিস্থাপকতা জোরদার করা এবং এ বিষয়ে আইন, নীতিমালা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাব তৈরিতে অংশগ্রহণকারীদের সম্পৃক্ত করা। আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, অংশগ্রহণকারীদের ভ্রমণ, আবাসন, খাবার ও আনুষঙ্গিক ব্যয় আইআরআই বহন করবে।
এ বিষয়ে জানতে চাইলে আলাউদ্দীন মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, সম্প্রতি তিনি ইনস্টিটিউট ফর পলিসি, গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিজিএডি)-এর নির্বাহী পরিচালক হিসেবে আইআরআই আয়োজিত ওই কর্মশালায় অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সম্মতি নিয়ে তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন।
তবে এ সফরের সঙ্গে তাঁর রাজনৈতিক পরিচয়ের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন আলাউদ্দীন মোহাম্মদ। তিনি বলেন, ‘এখানে স্পষ্টভাবে উল্লেখ করতে চাই যে, এই আমন্ত্রণের সঙ্গে এনসিপির রাজনৈতিক কর্মী হিসেবে আমার পরিচয়ের কোনো সম্পর্ক নেই। আমি সেখানে এনসিপির প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করছি না। বরং আইপিজিএডির নির্বাহী পরিচালক হিসেবে প্রতিষ্ঠানটির প্রতিনিধিত্ব করতেই কর্মশালায় অংশগ্রহণ করছি।’
অন্যদিকে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি বলেন, দলীয় প্রতিনিধি হিসেবে নয়, ব্যক্তিগতভাবে তাঁর কাজের স্বীকৃতি ও অভিজ্ঞতার ভিত্তিতেই তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন, ‘এটি এমন একটি কর্মসূচি, যেখানে অংশগ্রহণকারীরা আলোচ্য বিষয় নিয়ে পক্ষে বা বিপক্ষে মত দিতে পারবেন। বিভিন্ন দেশের প্রতিনিধিদের মতামত জানার সুযোগ থাকবে। তাঁরা জানতে চেয়েছে আমি অংশ নিতে আগ্রহী কি না। আমন্ত্রণ পাওয়ার পর আমি সম্মতি দিয়েছি।’
তবে তাঁর সফর এখনো চূড়ান্ত হয়নি বলে জানান ব্যারিস্টার মিলি। তিনি বলেন, বাংলাদেশ থেকে তাইওয়ানের ভিসা প্রক্রিয়া কিছুটা জটিল। বাংলাদেশে তাইওয়ানের কোনো ভিসা সেন্টারও নেই। তবে আইআরআই কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে, ভিসাসংক্রান্ত বিষয়টি তাঁরাই সমন্বয় করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কর্মশালায় অংশগ্রহণকারীরা বিদেশি কর্তৃত্ববাদী প্রভাব মোকাবিলায় গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, আইন ও নীতিমালা প্রণয়ন, জোট গঠন এবং বাস্তবায়ন কৌশল নিয়ে বিভিন্ন কর্ম-অধিবেশনে অংশ নেবেন। কর্মশালার সুপারিশগুলো অংশগ্রহণকারী দেশগুলোর নিজ নিজ প্রেক্ষাপটে জননীতি হিসেবে ব্যবহারের লক্ষ্য রয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে তাইওয়ানের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনীতিক সম্পর্ক নেই। কোনো দেশের রাজনৈতিক নেতারা তাইওয়ান সফর করলে বিষয়টি সন্দেহের চোখে দেখে চীন।

জাতীয় স্বার্থে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে কেউ অসন্তুষ্ট হলে তাকে ‘রাজশাহীর আম পাঠিয়ে খুশি করা হবে’। একই সঙ্গে তিনি বলেন, রাজপথে বিরোধী দলের চলমান আন্দোলন সরকারের সঙ্গে কোনো সমঝোতার অংশ নয়।
২১ ঘণ্টা আগে
গণভোটে জনগণের দেওয়া রায় বাস্তবায়ন না হওয়ায় বিরোধী দল রাজপথে আন্দোলন করছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, সংসদে পর্যাপ্ত আলোচনার সুযোগ না পাওয়ায় জনগণের দাবিকে সামনে রেখেই আন্দোলনের পথ বেছে নিয়েছে বিরোধী দল। আজ বুধবার জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী সাংবাদিকদের সঙ্গে মতবিনিম
২১ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে তাঁর সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।
১ দিন আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, অন্যথায় জনগণ নিজেরাই সেই জাদুঘর খুলে নেওয়ার ব্যবস্থা করবে। আজ বুধবার রাজধানীর রায়েরবাজারে জুলাই আন্দোলনে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা
১ দিন আগে