Ajker Patrika

সংলাপ শুরু আজ: ঐক্যের আলাপে প্রত্যাশার চাপ

• প্রথম দিনে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন এনসিপির নেতারা।

• গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকার চায় দলটি।

• জামায়াতসহ অন্যান্য দলকেও আমন্ত্রণ জানানো হবে পর্যায়ক্রমে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংলাপ শুরু আজ: ঐক্যের আলাপে প্রত্যাশার চাপ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ, সহিংস কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় ও ঐক্য গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হচ্ছে। পর্যায়ক্রমে জামায়াতে ইসলামীসহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী। তবে অন্য দলের সঙ্গে কবে বৈঠক হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সূচি নির্ধারণ করা হয়নি বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের একাধিক সূত্র গতকাল রোববার এ তথ্য জানিয়েছে। সূত্র বলছে, আজ দুপুরে এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপর পর্যায়ক্রমে অন্য রাজনৈতিক দলগুলোকেও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।

জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপের এই উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো। তবে সংলাপের উদ্দেশ্য ও আলোচনার বিষয়বস্তু নিয়ে দলগুলোর মধ্যে কিছু প্রশ্ন ও প্রত্যাশা রয়েছে। বিশেষ করে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারে সরকারের পক্ষ থেকে অঙ্গীকার চায় তারা।

ক্ষমতাসীন দল বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকতে পারে। কিন্তু ফ্যাসিবাদের প্রশ্নে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই—এটাই বিশ্বাস করি।’

তবে সংলাপ শুরুর আগেই বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলেছে এনসিপি। জাতীয় ঐক্য চাইলে বিএনপিকে আগে অতীতে নেওয়া পদক্ষেপের ভুল শুধরে নিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে গতকাল ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তি নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার বিষয়ে সরকারকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। একই সঙ্গে একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতে হবে।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, এসব মৌলিক বিষয়ে সরকার অঙ্গীকারবদ্ধ হলেই কেবল জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব। অন্যথায় আওয়ামী লীগকে ঠেকানোর কথা বলে ডিসেম্বর মাসে জাতীয় ঐকমত্যের আহ্বান জানিয়ে জানুয়ারিতে একদলীয় কমিটির মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করা হলে সেই প্রক্রিয়ায় অংশ নেবে না এনসিপি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এসব বিষয় তুলে ধরা হবে জানিয়ে নাহিদ বলেন, এসব প্রস্তাব ও পরামর্শ তুলে ধরে বর্তমান পরিস্থিতিতে সরকারের কী করণীয়, সে বিষয়ে নিজেদের মতামত তাঁরা জানাবেন। তবে মূলত প্রধানমন্ত্রীর কথা শুনতেই তাঁরা আগামীকাল (আজ) বৈঠকে যাচ্ছেন।

এনসিপি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আজকের বৈঠকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। দলটির দায়িত্বশীল এক নেতা বলেন, তাঁরা জুলাই গণ-অভ্যুত্থানের যেসব কারণে রাজনৈতিক ঐক্য নষ্ট হয়েছে, তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। এ ছাড়া বিএনপির নেতা-কর্মীরা যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছেন, সেগুলোও বিস্তারিতভাবে প্রধানমন্ত্রীকে জানাবেন।

জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান আওয়ামী লীগের কর্মকাণ্ড মোকাবিলায় জুলাই আন্দোলনের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বানের ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিক সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগের বিষয়ে আগ্রহ রয়েছে। তবে দলটি এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখনো কোনো আমন্ত্রণ পাইনি। বল এখন সরকারের কোর্টে। তারা কী বলে, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। হয়তো দু-এক দিনের মধ্যে জানাবে।’

দলীয় সূত্র জানিয়েছে, জামায়াতের আমির শফিকুর রহমান অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় সংলাপ করবেন বলে তাঁরা শুনেছেন। তবে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ তাঁদের জানা নেই।

সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে রাজনৈতিক বোঝাপড়ার প্রয়োজনীয়তার কথা বলছে অন্যান্য দলও। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজকের পত্রিকাকে বলেন, নানা বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা থাকবেই। তবে কিছু বিষয়ে জাতীয় পর্যায়ে বোঝাপড়া ও ঐক্য থাকা প্রয়োজন। সেই জায়গা থেকে সংলাপের উদ্যোগ ইতিবাচক।

সংলাপে আমন্ত্রণ পেলে প্রধানমন্ত্রীর কাছে কোন কোন বিষয় তুলে ধরবেন—জানতে চাইলে সাইফুল হক বলেন, সংকট মোকাবিলায় সরকার কী ভাবছে এবং কী উদ্যোগ নিচ্ছে, তা জানতে চাইবেন তাঁরা। পাশাপাশি বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়টিও আলোচনায় আসা প্রয়োজন বলে মনে করেন তিনি।

তবে সংলাপ থেকে প্রাপ্তি নিয়ে কিছুটা সংশয় আছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের। তিনি আজকের পত্রিকাকে বলেন, সংলাপের ব্যাপারে তাঁদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। ঐকমত্য কমিশনসহ বিভিন্ন উদ্যোগের পরও ইতিবাচক ফল আসেনি। তবে অতীতের অভিজ্ঞতা ভালো না হলেই যে ভবিষ্যতে সংলাপ থেকে ফল পাওয়া যাবে না, এমনটা নয়।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন জানান, তাঁরা এখন পর্যন্ত আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ পেলে আলোচনার বিষয়বস্তু দেখে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

শহীদ উদ্দিন মাহমুদ বলেন, শুধু আওয়ামী লীগকে মোকাবিলার বিষয়টি আলোচনায় থাকবে, নাকি দেশের অন্যান্য সংকটও গুরুত্ব পাবে, তা দেখতে হবে। জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং ৫ আগস্টের পর রাজনৈতিক পরিবেশ ও পরিস্থিতির অবনতির কারণগুলোও আলোচনায় থাকা প্রয়োজন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত