
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির উদ্যোগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এটিকে ‘নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত’ বলে মন্তব্য করেছেন।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বর্তমান সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে চরম দলীয়করণ শুরু করেছে। তারা ইতিমধ্যেই পাবলিক বিশ্ববিদ্যালয়, সিটি করপোরেশন, জেলা প্রশাসনসহ সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোয় দলীয় বিবেচনায় মেধাহীন, অযোগ্য এবং বিতর্কিত লোকদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।’ এসব গুরুত্বপূর্ণ জায়গায় মেধা ও যোগ্যতার পরিবর্তে ‘অন্ধ দলীয়’ লোকদের নিয়োগ দিয়ে সরকার প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি বলেন, সরকারি চাকরির নিয়োগব্যবস্থায় এমন একটি বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা মেধার মূল্যায়নকে দুর্বল করে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির পথ “ন্যক্কারজনকভাবে” উন্মুক্ত করবে। তাঁর ভাষায়, ‘সরকারি চাকরির নিয়োগে ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ ইঙ্গিত।’
সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের পদগুলোয় দেশের বিপুলসংখ্যক তরুণ-তরুণী প্রতিযোগিতা করেন উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, অনেকেই দীর্ঘদিন প্রস্তুতি নিয়ে, সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে কঠোর পরিশ্রম করে পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাঁদের মেধা ও পরিশ্রমের মূল্যায়নকে এমন কোনো অনিশ্চিত ব্যবস্থার ওপর ছেড়ে দেওয়া উচিত নয়, যেখানে মৌখিক পরীক্ষার অতিরিক্ত নম্বর দিয়ে লিখিত পরীক্ষার ফলাফল সহজেই উল্টে দেওয়া সম্ভব।
জালিয়াতি বন্ধের অজুহাতে ভাইভার নম্বর বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য সমাধান হতে পারে না বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, যুক্তিনির্ভর পরীক্ষাব্যবস্থা, বায়োমেট্রিক যাচাই, পরীক্ষাকেন্দ্রে কঠোর নজরদারি, প্রশ্নপত্রের নিরাপত্তা, ডিজিটাল মনিটরিং এবং কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অনিয়ম প্রতিরোধ করা সম্ভব। তিনি সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে ভাইভার নম্বর বৃদ্ধির বিতর্কিত সিদ্ধান্ত এবং সংশ্লিষ্ট বিধিমালা অবিলম্বে বাতিল করার দাবি জানান। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি, অর্থের লেনদেন ও সুপারিশের সংস্কৃতি বন্ধ করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শতভাগ স্বচ্ছ নিয়োগ নিশ্চিত করতে হবে বলেও দাবি জানান তিনি।

সরকারি চাকরির ১১তম থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর উদ্যোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি বলেছে, প্রস্তাবিত নতুন নীতিমালা বাস্তবায়িত হলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যক্তিগত পছন্দ, পক্ষপাত ও স্বজনপ্রীতির সুযোগ বাড়বে
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ সেপ্টেম্বর প্রবাসীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি বিএনপি কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হক।
৫ ঘণ্টা আগে
সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আলোচনা ছাড়া সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের বিরুদ্ধে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
১ দিন আগে
সারজিস আরও বলেন, ‘এরপরও যদি আপনাদের মধ্যে দুর্নীতি দেখতে পাই, ঘুষের টাকার বিনিময়ে কাজ দেখতে পাই, তাহলে বাংলাদেশে যদি আবারও কখনো এই ধরনের পরিস্থিতি তৈরি হয়, তাহলে এ দেশের মানুষ আপনাদের বিরুদ্ধেও নামবে। ওই দিন আর কেউ অফিসে অফিস করতে পারবেন না।’
১ দিন আগে