Ajker Patrika

সংসদে ও বাইরে বিরোধী এমপিদের সঙ্গে কটু ভাষায় কথা বলা হচ্ছে: পরওয়ার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সংসদে ও বাইরে বিরোধী এমপিদের সঙ্গে কটু ভাষায় কথা বলা হচ্ছে: পরওয়ার
ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে ১১ দলীয় ঐক্যের আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। আজ সোমবার রাজধানীর আল ফালাহ মিলনায়তনে তোলা। ছবি: আজেকর পত্রিকা

সংসদে ও সংসদের বাইরে বিরোধীদলীয় সংসদ সদস্যদের (এমপি) সঙ্গে কটু ভাষায় কথা বলা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

আজ সোমবার বিকেলে রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে ১১ দলীয় ঐক্যের আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘সরকার গত ৬ মাসে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখাতে, জনদুর্ভোগ, বিদ্যুৎ সংকট, সার সংকট এবং গ্যাস সংকট সমাধানে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। সংসদে ও সংসদের বাইরে বিরোধীদলীয় সংসদ সদস্যদের সাথে কটু ভাষায় কথা বলা হচ্ছে, সরকারদলীয় নেতাকর্মীরা বিরোধীদলীয় এমপিদের ওপর হামলা চালাচ্ছে।’

গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্য আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে। এ কর্মসূচির প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, ‘আমরা আশা করছি, গণতন্ত্রকে সমুন্নত রাখতে বিরোধীদলের গণতান্ত্রিক কর্মসূচি লংমার্চে সরকার কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না।’

বিরোধী দলের শান্তিপূর্ণ ও গঠনমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার, সরকারদলীয় শীর্ষ নেতা ও সরকারি আমলাদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি। তাঁর মতে, কর্মসূচিতে সহযোগিতা করে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখানোর সুযোগ সরকারের রয়েছে।

সভায় ১১ দলের নেতারা বলেন, ৫ সেপ্টেম্বরের লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়া হলে সব বাধা অতিক্রম করে চট্টগ্রামের লালদিঘি ময়দানে পৌঁছাবেন তাঁরা। গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই সনদ কার্যকরের দাবিতে তাঁরা জনগণের কাছে যাচ্ছেন বলেও জানান নেতারা।

লংমার্চ কর্মসূচি ঘোষণার পর ঢাকা-চট্টগ্রাম সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে দাবি করে নেতারা বলেন, এটি কৃত্রিম যানজট। লংমার্চের দিন কৃত্রিম যানজট, বালুর ট্রাক বা খালি ট্রাক দিয়ে কর্মসূচিতে বাধা দেওয়া হলে তা প্রতিহত করা হবে। একই সঙ্গে পুলিশ প্রশাসন, সরকারি আমলা ও ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্টদের কর্মসূচি সফল করতে সহযোগিতার আহ্বান জানান তাঁরা।

মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ১১ দলীয় ঐক্যের নেতারা। সভায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজীসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হবে। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহিপাল ও চট্টগ্রামের মিরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চট্টগ্রামের লালদিঘি ময়দানে লংমার্চের সমাপনী কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত