Ajker Patrika

আমরা আপনাদের পাশে আছি—বিজিএমইএ নেতাদের জামায়াত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আমরা আপনাদের পাশে আছি—বিজিএমইএ নেতাদের জামায়াত

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা। বৈঠকে পোশাকশিল্পের বর্তমান সমস্যা, সম্ভাবনা, জ্বালানি সংকট, এলডিসি গ্র্যাজুয়েশন, ট্রাম্প ট্যারিফ ও ব্যাংকের সুদহারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধী নেতার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বিজিএমইএ ও জামায়াত নেতারা একটি ব্রিফিং করেন।

বৈঠক প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের গুরুত্বপূর্ণ তৈরি পোশাক শিল্পের যারা উৎপাদন এবং রপ্তানির সঙ্গে জড়িত, মালিকপক্ষে যারা প্রতিনিধিত্ব করেন—এমন একটা গুরুত্বপূর্ণ সংগঠনের কাছে সেই শিল্পের সমস্যা, অর্থনীতিতে তার গুরুত্বপূর্ণ অবদান, বিরাজমান পরিস্থিতি এবং আমরা কী করতে পারি—সে ধারণা নেওয়ার জন্য মূলত তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আমাদের আমিরে জামায়াত তাঁদের আশ্বাস দিয়েছেন—‘আমরা আপনাদের পাশে আছি’—পার্লামেন্টে, পার্লামেন্টের বাইরে, সরকারের সঙ্গে আমরা সব ক্ষেত্রে আমরা ভূমিকা রাখব।”

পরওয়ার আরও বলেন, রপ্তানিতে এখন ৪০ বিলিয়ন থেকে ১০০ বিলিয়নে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বিজিএমইএ নেতারা। ‘এ সম্ভাবনা এখানে আছে। আবার প্রোডাকশন নিম্নগতি, তার কারণগুলো এসেছে, সেটার সমাধানের পথও বাতলানো হয়েছে। তেলভিত্তিক পাওয়ার স্টেশনগুলো সচল করার বিজিএমইএ নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করেছেন।’

জ্বালানি সংকট নিরসনে জামায়াতের প্রস্তাবের কথা তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমাদের আমিরে জামায়াত পার্লামেন্টে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে জামায়াতে ইসলামী তথা বিরোধী দলের প্রস্তাবের কথা উল্লেখ করেছেন, উদাহরণ দিয়েছেন যে জ্বালানি সংকটের কঠিন সময়ে উভয় দলের সম্মিলিত প্রচেষ্টায় সেটা খুব সহজে একটু সমাধান হয়েছে।’

অন্যদিকে, বৈঠকে পোশাকশিল্পের বিভিন্ন সমস্যা তুলে ধরার কথা জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, ‘মাননীয় বিরোধীদলীয় নেতার আমন্ত্রণে আজকে আমরা এসেছিলাম মূলত পোশাক শিল্পের আগামী দিনের সম্ভাবনা এবং এই মুহূর্তে কী চ্যালেঞ্জগুলো আছে, এটা উনি শুনতে চেয়েছেন। আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি।’

মাহমুদ হাসান বলেন, ‘বর্তমান পর্ষদ দায়িত্ব নেওয়ার পরে ট্রাম্প ট্যারিফ থেকে শুরু করে এলডিসি গ্র্যাজুয়েশনের যে চ্যালেঞ্জ এবং জ্বালানি সমস্যা, ব্যাংকের যে ইন্টারেস্ট রেট—এই সব বিষয় নিয়ে যেসব সমস্যাগুলো আছে, সেগুলো আমরা আলোচনা করেছি।’

সরকারের সহযোগিতার বিষয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ‘বর্তমান সরকারের কাছে কোন কোন জায়গায় আমরা সহযোগিতা পাচ্ছি, সরকারের সহযোগিতার কারণে ইন্ডাস্ট্রি কোন কোন জায়গায় সমস্যার সমাধান করতে পারছে—সেটা নিয়ে বলেছি।’

বিরোধী দলের সহযোগিতা চাওয়ার কথা জানিয়ে মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘বিরোধী দলের কাছে আমরা কোন কোন জায়গায় সহযোগিতা চাই, সেটাও আমরা আলোচনা করেছি। আমরা উনাদের কাছে আশ্বাস পেয়েছি।’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘আমরা চাই, সরকারি দলের মতো বিরোধী দলও আমাদেরকে সহযোগিতা করবেন, যাতে করে যেটা আমরা বলি যে, এটা সবার দেশ, আমাদের সবাই যেন আমরা দেশটাকে, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে পারি—সেই লক্ষ্যে আমরা একসাথে কাজ করব। এই আশাবাদ আমরা ব্যক্ত করেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত