ইনুর মুক্তি চায় জাসদ

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন দলটির নেতারা। তাঁরা বলেছেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাবিরোধী শক্তি এবং সাম্রাজ্যবাদী শক্তির কবল থেকে দেশকে মুক্ত করার পাশাপাশি গণতন্ত্র ও বিচারব্যবস্থার স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে হবে। সেই সংগ্রামের ধারাবাহিকতায় হাসানুল হক ইনুর মুক্তির আন্দোলনও এগিয়ে নিতে হবে।
আজ শনিবার জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। দলটির দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় বক্তারা ‘মিথ্যা মামলায় প্রহসনমূলক বিচার ও ফরমায়েশি রায়ে দণ্ডিত’ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি দাবি করেন। তাঁরা বলেন, নিয়ন্ত্রিত ও শৃঙ্খলিত গণতন্ত্র এবং কুক্ষিগত বিচারব্যবস্থাকে মুক্ত করার সংগ্রাম জোরদার করতে হবে।
আলোচনা সভায় নেতারা বলেন, পাকিস্তানি ধর্মান্ধ, সাম্প্রদায়িক ও উগ্রবাদী রাজনীতি এবং সংস্কৃতি দেশের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। মবের মুল্লুক ও বিচারহীনতা বাংলাদেশকে গ্রাস করে ফেলছে। অসম চুক্তির বন্ধনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘিত হচ্ছে। মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে।
জাসদ নেতারা বলেন, দলের নেতা-কর্মীরা বিভিন্ন সময়ে কষ্ট, জেল-জুলুম সহ্য করেও জাসদের আদর্শ ও পতাকা সমুন্নত রেখেছেন। কোনো ধরনের রাজনৈতিক বিভ্রান্তিতে না ভুগে এবং ব্যক্তিগত লাভ-ক্ষতির হিসাব না করে তাঁরা দলের আদর্শের প্রতি অবিচল থেকেছেন।
জাসদের সহসভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য শফি উদ্দিন মোল্লা, স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান ঝকি, স্থায়ী কমিটির সদস্য সাইফুজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল ও মীর্জা মো. আনোয়ারুল হক, কোষাধ্যক্ষ মো. মনির হোসেন, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন প্রমুখ।









