Ajker Patrika

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন—প্রধানমন্ত্রীকে চরমোনাই পীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন—প্রধানমন্ত্রীকে চরমোনাই পীর
ফাইল ছবি

জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করীম। তিনি বলেছেন, জনগণের মৌলিক চাহিদা পূরণে যথাযথ পদক্ষেপ নিতে হবে। তা না হলে সরকারের প্রতি জনগণের সহযোগিতা পাওয়া যাবে না।

আজ শুক্রবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ রেজাউল করীম বলেন, ‘জনগণের মৌলিক চাহিদা সমূহ পূরণে যথাযথ পদক্ষেপ নিন। নয়তো জনগণের সহযোগিতা পাবেন না।’ তিনি আরও বলেন, ‘চব্বিশে হাজার হাজার জীবনের বিনিময়ে যে স্বৈরাচারের পতন ঘটানো হয়েছে, তা এখন ফিকে মনে হচ্ছে। জনপ্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করুন।’

স্বাধীনতার ৫৫ বছরেও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি দাবি করে চরমোনাই পীর বলেন, ‘যে লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, মা তাঁর সন্তানকে হারাল—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য। কিন্তু স্বাধীনতার ৫৫ বছরে যারাই ক্ষমতায় ছিল, তারা মানবাধিকার লঙ্ঘন করেছে।’

বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের শাসনামলের সমালোচনা করে তিনি বলেন, তাঁদের নীতি ও আদর্শের মাধ্যমে দেশে শান্তি আসেনি। মায়েদের সন্তানহারা চিৎকার বন্ধ হয়নি, দেশের টাকা বিদেশে পাচার বন্ধ হয়নি এবং নির্বিচারে যুগের পর যুগ জেলে থাকার ঘটনাও বন্ধ হয়নি।

রেজাউল করীম বলেন, ‘এসব নীতি-আদর্শ মানুষকে শান্তি দিতে পারে না। একমাত্র ইসলামই মানুষকে দুনিয়া ও আখিরাতে শান্তির পথ দেখাতে পারে।’

এ সময় গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জে দলের যুব আন্দোলনের এক নেতাকে হত্যার নিন্দা জানান ইসলামী আন্দোলনের আমির। তিনি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন দলের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, মহাসচিব গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত