
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। যুক্তরাজ্যের লন্ডনে খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গত রোববার এ বৈঠক হয় বলে দলটির একটি সূত্রে জানা গেছে।
প্রায় দুই সপ্তাহের ইউরোপ সফর শেষে গত সোমবার দেশে ফেরেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তবে নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এখনো ফেরেননি। বৈঠকের বিষয়টি মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন শফিকুর রহমান।
শফিকুর রহমান জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে দেখা করেছেন। একই সঙ্গে সেখানে তারেক রহমানের সঙ্গেও কথা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতের আমির।
চিকিৎসার জন্য গত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে যান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তিনি লন্ডন ক্লিনিকে চিকিৎসা শেষে ছেলে তারেক রহমানের বাসায় আছেন। দীর্ঘ কয়েক বছর পরে এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদ্যাপন করেন তিনি।
খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমির শফিকুর রহমানের সাক্ষাতের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। তিনি সেখানে লেখেন, ‘ইউরোপ সফর শেষে লন্ডন পৌঁছে সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন। জিয়া দম্পতির বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে তাঁরা দেখা করেন। দীর্ঘ এ সাক্ষাৎ পর্বে তারেক রহমানও উপস্থিত ছিলেন। খালেদা জিয়া এখন তাঁর পুত্রের বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।’
মারুফ কামাল খান আরও লিখেছেন, ‘বেগম জিয়ার সঙ্গে জামায়াতের দুই শীর্ষ নেতার সাক্ষাতে কী কী বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। দুই ডাক্তারের এ সাক্ষাৎ রাজনীতির রসায়নে নতুন কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া সৃষ্টি করবে নাকি নিছক সৌজন্য সাক্ষাৎ হয়েই থাকবে, তা বুঝতে হলে আমাদের চোখ রাখতে হবে সামনের দিকে।
বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেত যাওয়ার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানও সস্ত্রীক তাঁর বাসায় গিয়ে দেখা করেছিলেন। সে সাক্ষাৎকার নিয়েও বিশদ কিছু জানা যায়নি।’
আরও খবর পড়ুন:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। আজ শুক্রবার বিকেলে দলটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়...
১২ ঘণ্টা আগে
উন্নত দেশগুলোতে হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ফার্মাসিস্টদের ভূমিকা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশেও এ বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার। একই সঙ্গে দেশের ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল খাতকে আরও সম্প্রসারণে মনোযোগ দিতে হবে। বাংলাদেশের ওষুধশিল্প এক সময় বিদেশেও রপ্তানি হয়েছে।
১৩ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা ও আগের রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে ষড়যন্ত্র করা হচ্ছে। চব্বিশের গণ-আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তা নস্যাৎ করার কোনো অপচেষ্টাই সফল হতে দেওয়া যাবে না...
১৬ ঘণ্টা আগে
জাতিসংঘে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মারণাস্ত্রের বিপরীতে কূটনীতি, শিক্ষা ও শান্তিকে পরিবর্তনের হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন। ফিলিস্তিনিদের অধিকার ও তাদের স্বাধীন রাষ্ট্র পাওয়ার অধিকারের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...
১৭ ঘণ্টা আগে