Ajker Patrika

বাংলাদেশকে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে: মির্জা ফখরুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বাংলাদেশকে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বাংলাদেশকে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন, আমরা সবাই, যারা উদার গণতন্ত্রে বিশ্বাস করি, গণমাধ্যমে বিশ্বাস করি, তারা সেই সুযোগ কাজে লাগিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে গণতান্ত্রিক ও উদারপন্থী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করি।’

আজ বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত এক ইফতার মাহফিলে মির্জা ফখরুল এসব কথা বলেন।

সত্যিকার অর্থে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য হওয়া উচিত—এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘আমরা সব সময় সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি। আমাদের অবশ্যই সেটা বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসে কাজ করতে হবে।’ পাশাপাশি ফ্যাসিস্টদের মতো সাংবাদিকদের ওপরে চড়াও না হওয়ার কথাও বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দেশের রাজনীতিতে বর্তমানে একটি নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। জনগণের সমর্থন ও আস্থার ভিত্তিতে একটি নতুন সরকার গঠিত হয়েছে এবং আগামীকাল সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, নতুন সংসদের মাধ্যমে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হবে এবং সংসদ সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।

তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে দেশে আজ একটি মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। এই পরিবেশে আবারও সাংবাদিকদের সঙ্গে একত্র হয়ে ইফতারে মিলিত হতে পারা আল্লাহর রহমত বলে উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিভিন্ন সংগ্রামের সময়ে সাংবাদিকদের কাছ থেকে যে সহযোগিতা পাওয়া গেছে, তা সব সময় স্মরণে থাকবে।

বিএনপির মহাসচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের অত্যন্ত সুসম্পর্ক ছিল। তিনি মরহুম নেত্রীর রুহের মাগফিরাত কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেন, গেল ১৭ বছরে অনেক সাংবাদিক নির্যাতিত হয়েছেন, হামলা ও মামলার শিকার হয়েছেন। এমন পরিস্থিতি যেন ভবিষ্যতে না হয়, সে বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান নির্বাচিত সরকারের প্রধান লক্ষ্য হলো অর্জিত গণতান্ত্রিক ও সাংবিধানিক ব্যবস্থাকে একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া। আর এই সংসদীয় ও সাংবিধানিক রাজনীতির সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে গণমাধ্যমকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। সরকার গঠনের পর থেকে গণমাধ্যম যেভাবে স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে, সেই পরিবেশ ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।’

তিনি আরও বলেন, ‘গণমাধ্যম স্বাধীনভাবেই কাজ করে যাবে। সেই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে যে রকম সহযোগিতা প্রয়োজন, আমরা সেই সহযোগিতা অব্যাহত রাখব।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণ, রাজনৈতিক দল এবং গণমাধ্যম—এই তিনের সমন্বয়েই দেশ এগিয়ে যাবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিইউজের সাবেক সভাপতি যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রনি, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ এবং ডিইউজের যুগ্ম সম্পাদক দিদারুল আলম দিদার, সাংগঠনিক সম্পাদক সাঈদ খানসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে প্রথম স্বেচ্ছামৃত্যুর অনুমতি দিলেন সুপ্রিম কোর্ট

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির সুযোগ

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্যে নিচ্ছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল

‘টাকা খাওয়ার’ কথা বলতেই পলাতক ফারুক চৌধুরী বললেন, ‘তুই সামনে পড়িস’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত