
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) নামে একটি দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে আবেদন করেছে। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলটির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসিতে এই আবেদন জমা দেয়।
গণমাধ্যমের এক প্রতিবেদন বলছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারাই দলটি গঠন করেছেন। মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকায় নিবন্ধন বাতিল হয়েছে জামায়াতের। কিছুদিন থেকেই বলা হচ্ছিল-ভিন্ন নামে দল গঠন করতে যাচ্ছে জামায়াতের নেতারা। তবে জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন বিডিপির চেয়ারম্যান। তার দাবি, মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম নিয়ে দল গঠন করা হয়েছে।
নিবন্ধনের আবেদন করতে দুপুর দুইটার দিকে বিভিন্ন দলিলপত্র নিয়ে ইসিতে আসেন বিডিপির প্রতিনিধিরা। প্রথমে নিজেদের পরিচয় লুকান তারা। ইসিতে আসার উদ্দেশ্য সম্পর্কে সাংবাদিকদের জিজ্ঞাসায় এ সময় আনোয়ারুল ইসলাম চাঁন জানান, তিনি বিডিপির কেউ নন। ব্যক্তিগত কাজে কমিশনে এসেছেন বলে জানান তিনি। পরে আধা ঘণ্টার মধ্যেই জানা যায় তিনিই বিডিপির চেয়ারম্যান।
আগামী ৩০ অক্টোবর নতুন দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে। এখন পর্যন্ত প্রায় দুই ডজন নতুন দল নিবন্ধন পেতে ইসিতে আবেদন দিয়েছে বলে জানা গেছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা বিডিপির নিবন্ধনের জন্য যতগুলো শর্ত আছে, সবকিছু পূরণ করেই আবেদন জমা দিতে এসেছি। আশা করি আমরা ইসিতে নিবন্ধিত হব, আমরা রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে জড়িত হব। আরেকটু সংগঠিত হয়ে দলের উদ্দেশ্য, আদর্শ সবকিছু নিয়ে বিস্তারিত কথা বলব।’
আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমরা নিবন্ধনের জন্য এসেছি। নিবন্ধনের যতগুলো শর্ত আছে, সব মেনে আবেদন জমা দিয়েছি। প্রায় ৫০ হাজার পৃষ্ঠার ফাইল জমা দিয়েছি।’
জামায়াতের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে এক প্রশ্নের জবাবে বিডিপির চেয়ারম্যান বলেন, ‘এটা ভুল। ভুল কথা অনেকেই বলতে পারেন। এটা একটা নতুন দল। আমার সঙ্গে যারা আছেন তারা নতুন প্রজন্মের। বিভিন্নভাবে তাদের সংগ্রহ করছি। এখানে কারও কোনো দলের লেজুড়বৃত্তি বা সহযোগিতা দরকার নেই। এখন কেউ যদি কিছু বলে আমরা এ জন্য দায়ী নই। আমরা সম্পূর্ণ নতুন একটা দল। জামায়াতের সঙ্গে আমাদের সম্পৃক্ততা নাই। এই বিষয়ে আমরা পরবর্তীতে পরিষ্কার করব।’
ডেমরা থানা জামায়াতের আমির ছিলেন কি-না, এমন প্রশ্নের জবাবে বিডিপির চেয়ারম্যান বলেন, ‘আমি ডেমরা চিনিই না।’ কবে প্রতিষ্ঠা পেয়েছে এবং দলটির আদর্শ উদ্দেশ্য কী জানতে চাইলে তিনি আরও বলেন, পরবর্তীতে আমরা বিস্তারিত জানাব। এখন কিছুই বলতে চাচ্ছি না। আমি সবই আপনাদের বলব।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের সংবিধান মানেন কি-না, এমন প্রশ্নের জবাবে আনোয়ারুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের সংবিধান মেনেই আমরা রাজনীতিতে এসেছি। সংবিধানের প্রতিটি শব্দকেই আমরা সম্মান করি এবং সেটাকে লালন করেই আমরা রাজনীতি করি। বঙ্গবন্ধু তো জাতির পিতা। বাংলাদেশের সংবিধানের বাইরে যেতে রাজি না। আমাদের গঠনতন্ত্র দেখলে বুঝবেন। আর এখানে মুক্তিযুদ্ধের পর জন্ম নেওয়ার বিভিন্ন জায়গায় উদ্যোক্তা যারা আছেন, তাদের নিয়েই দল গঠন করা হয়েছে।’
যুদ্ধাপরাধী কেউ দলে আছে কি-না, এমন প্রশ্নের জবাবে বিডিপি চেয়ারম্যান বলেন, ‘স্বাধীনতার পরে জন্মগ্রহণ করেছে মুক্তিযুদ্ধ পরবর্তী প্রজন্ম, যুদ্ধাপরাধী বানাইলে বানাইতে পারেন। আমরা এসব বিষয়ে যাব কেন? আমরা একটা রাজনৈতিক দল। সামনে সবকিছু পরিষ্কার হবে।’

রাজধানী ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সোমবার রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়।
১ ঘণ্টা আগে
অপপ্রচার, ষড়যন্ত্র ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে মঙ্গলবার দেশব্যাপী প্রতিবাদ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা পর্যায়ে এ কর্মসূচি পালন করবেন সংগঠনটির নেতাকর্মীরা।
৩ ঘণ্টা আগে
আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত সব গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে আগামীকাল মঙ্গলবার দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার সই করা এক বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়।
৫ ঘণ্টা আগে
আওয়ামী লীগ আমলে সংঘটিত গুম, খুন, হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামীকাল মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এ ছাড়াও আগামী ৪ জুলাই দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে তারা।
৭ ঘণ্টা আগে