প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যেসব বিষয়ে আলোচনা করলেন এনসিপি নেতারা

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি, ‘পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস’ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে সরকারপ্রধান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে এনসিপির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কেবল নির্বাচনকেন্দ্রিক বা সাময়িক সমাধান নয়; বরং সংস্কার, ন্যায়বিচার এবং জাতীয় সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে দীর্ঘমেয়াদি কৌশলগত রোডম্যাপ ও একটি অভিন্ন ‘জাতীয় পররাষ্ট্রনীতি’ প্রণয়ন করতে হবে।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গত নির্বাচন-পরবর্তী ৭-৮ মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি ঘটেছে। ফলে সাধারণ জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মীসহ জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্ব ধারাবাহিকভাবে ভিকটিমে পরিণত হচ্ছেন। এই পরিস্থিতির সুযোগ নিয়ে পতিত স্বৈরাচারী দল আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
এই পরিস্থিতি উত্তরণে সরকারপ্রধানের পক্ষ থেকে ফ্যাসিবাদবিরোধী এবং জুলাই গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানানো হয়েছে। তবে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক মাসে বিচারিক বিষয়ে আপসকামিতা, আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক স্পষ্ট না করার ফলেই আজকের এই সংকটের সৃষ্টি হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির মতে, জাতীয় ঐক্যের প্রক্রিয়া সফল করতে হলে অবশ্যই তিনটি মূল ভিত্তিকে অগ্রাধিকার দিতে হবে: ১. সংস্কার ২. বিচার ৩. জাতীয় সার্বভৌমত্ব।
এনসিপি নেতা নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও টেকসই না করতে পারলে জনগণের আস্থা অর্জন সম্ভব নয় এবং দেশে কাঙ্ক্ষিত অর্থনৈতিক বিনিয়োগও আসবে না। তাই সংস্কার কোনো গৌণ বিষয় নয়, বরং অর্থনীতির চাকা সচল রাখা ও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির জন্য এটি অপরিহার্য।
এনসিপির পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব ও দাবি দেওয়া হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। দাবিগুলোর মধ্যে রয়েছে:
সংস্কার প্রক্রিয়া ও গণরায়ের বাস্তবায়ন বাধাগ্রস্তকারী একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করা এবং গণভোটের রায়ের আলোকে ‘জুলাই সনদ’ পুরোপুরি বাস্তবায়ন করা; আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বৃদ্ধি করা এবং জেলা পর্যায়ে জুলাই গণহত্যার মামলাগুলোর দ্রুত তদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল নিশ্চিত করা; জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের রাজনৈতিক ও প্রশাসনিক নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনকে স্পষ্ট নির্দেশ প্রদান; আগামী ১২ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানি চুক্তির নবায়ন আলোচনায় ভারতের কাছে কঠোর বার্তা দেওয়া এবং পানির ন্যায্য হিস্যা আদায়ে বিন্দুমাত্র আপস না করা; ভারতে অবস্থানরত শেখ হাসিনা এবং ওসমান হাদীর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারিক রায় কার্যকর করা।
বৈঠকে ভূরাজনৈতিক সংকট ও সীমান্ত পরিস্থিতির ওপর বিশেষ আলোকপাত করা হয় উল্লেখ করেন নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ পরাজিত হলেও বর্তমান রাজনৈতিক সংকট আর কেবল কোনো দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়; বরং এটি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের জাতীয় সংগ্রামের রূপ নিয়েছে।
তিনি বলেন, ‘ভারত তার ভূখণ্ড ব্যবহার করতে দিয়ে এবং এদেশীয় স্বার্থান্বেষী মহলকে কাজে লাগিয়ে সীমান্তের ওপার ও ভিতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এই ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় বাংলাদেশের জনগণ ও সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।’
নাহিদ ইসলাম বলেন, সীমান্তের কাছে হিন্দুত্ববাদী সংগঠন বিজেপি ও পলাতক আওয়ামী লীগ নেতারা একত্রে সমাবেশ করে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ভিত্তিহীন ও মিথ্যা তথ্য প্রচার করছে।
এই অপপ্রচারের জবাবে বিশ্বমঞ্চে প্রকৃত সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ভারত নিজেই বর্তমানে আসাম, দিল্লি ও পশ্চিমবঙ্গে মুসলিম এবং দলিতদের ওপর কাঠামোগত নির্যাতনের মাধ্যমে বিশ্বের শীর্ষ সংখ্যালঘু নির্যাতনকারী দেশে পরিণত হয়েছে। এ ছাড়া ঐতিহাসিকভাবে বাংলাদেশে আওয়ামী লীগের শাসনামলেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে এবং তাদের জমিজমা ও সম্পত্তি দখল করা হয়েছে।
আন্তর্জাতিক অপপ্রচার ও অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় কেবল রাজনৈতিক দলের ঐক্যে সীমাবদ্ধ না থেকে দেশের সর্বস্তরের সামাজিক ও সাংস্কৃতিক শক্তিকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে এনসিপি।
সরকারকে অভিন্ন জাতীয় প্রতিরোধ গড়ে তুলতে আলেম-ওলামা ও ধর্মীয় নেতৃবৃন্দ, সুফি সাধক ও মাজার-দরগার প্রতিনিধিগণ, সাংস্কৃতিক কর্মী ও সুশীল সমাজ, হিন্দু সম্প্রদায়সহ সব সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান নাহিদ ইসলাম।
এনসিপির প্রতিনিধিদল অতীতের ‘দলীয় পররাষ্ট্রনীতি’ (যেমন—আওয়ামী লীগ বা বিএনপির নিজস্ব পররাষ্ট্রনীতি) পরিহার করে একটি যৌথ ও সর্বসম্মত ‘জাতীয় পররাষ্ট্রনীতি’ তৈরির জোর দাবি জানিয়েছে।
নাহিদ ইসলাম উল্লেখ করেন, আওয়ামী লীগ বা ভারতের এই হুমকি মোকাবেলা কোনো সাময়িক বা ‘ডিসেম্বর-কেন্দ্রিক’ বিষয় নয়; এটি একটি দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ। সুতরাং বাংলাদেশের স্বাধীনতা, অর্থনৈতিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ভিত্তিতে দীর্ঘমেয়াদি কৌশলগত রোডম্যাপ নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে।








