Ajker Patrika

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন এনসিপির তিন নেতা, যেসব বিষয় আলোচনায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৩: ১৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন এনসিপির তিন নেতা, যেসব বিষয় আলোচনায়
(ওপরে বাঁ থেকে) তারেক রহমান, নাহিদ ইসলাম, আখতার হোসেন ও হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতা। আজ সোমবার বেলা ১টায় সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনসিপির তিন সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। প্রতিনিধিদলে আরও থাকবেন এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

এনসিপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আজ প্রথম এনসিপির সঙ্গে বৈঠক হতে যাচ্ছে ৷

১৮ নভেম্বর জাতীয় সংসদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানও এ বিষয়ে ঐকমত্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এর ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ শুরু হচ্ছে।

এনসিপির নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যের জন্য কিছু শর্ত দেওয়া হবে। এর মধ্যে রয়েছে, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার এবং সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া।

গতকাল রোববার যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের নাহিদ ইসলাম জানান, প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বানে সাড়া দিয়ে তাঁরা আলোচনায় অংশ নেবেন। বৈঠকে প্রধানমন্ত্রী কীভাবে দেশকে এগিয়ে নিতে চান এবং বর্তমান পরিস্থিতি মোকাবিলায় তাঁর পরিকল্পনা কী, তা জানতে চাইবেন তাঁরা।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা তাঁকে সাজেশন দিয়ে আসব—জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে।’

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে সংবিধান সংশোধন কমিটি বাতিল এবং সংবিধান সংশোধন পরিষদের শপথ নেওয়ার দাবি জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে সরকার যে প্রকৃত অর্থেই জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে চায়, তার প্রমাণ দিতে হবে। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তির নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসি কার্যকরের মতো বিষয়গুলোতে সরকারের অঙ্গীকার চান তিনি। এসব বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ হলেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন নাহিদ ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত