Ajker Patrika

বিএনপি কার্যালয়ের নীরবতা ভাঙলেন মির্জা ফখরুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ০৫
বিএনপি কার্যালয়ের নীরবতা ভাঙলেন মির্জা ফখরুল
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল। ছবি: আজকের পত্রিকা

ত্রয়োদশ নির্বাচনের পর সরকার গঠন করেছে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয় ওই সরকার। এর পর থেকে অনেকটাই নীরব হয়েছিল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। কার্যালয়টি প্রায় নেতা-কর্মীশূন্য ছিল, অলস সময় কেটেছে অফিসে কর্মকর্তা-কর্মচারীদের। অবশেষে সেই নীরবতা ভাঙল আজ সোমবার সকালে।

নির্বাচন ও সরকার গঠনের পর এদিন প্রথমবারের মতো কার্যালয়ে আসেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর। তাঁর এই আগমনের মধ্য দিয়ে নয়াপল্টনের দলীয় কার্যালয় নীরবতা ভেঙে আবারও সরব হয়ে উঠে। এদিন সকাল থেকে কার্যালয়ে নেতা-কর্মী-সমর্থকদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে।

বেলা ১১টায় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর অফিসে এলে কর্মী-সমর্থকেরা তাঁকে স্বাগত জানান। কার্যালয়ের প্রধান ফটকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপির সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, তারিকুল ইসলাম তেনজিং ও বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। পরে বিএনপি মহাসচিব তিনতলায় নিজের চেম্বারে গিয়ে বসেন।

সেখানে দলের নির্বাহী কমিটির সদস্য সালেহ উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সহসভাপতি তপন কুমার মজুমদারসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বিএনপি মহাসচিবকে শুভেচ্ছা জানান।

দলীয় নেতা-কর্মী ও কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করে মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘এই অফিসেই ম্যাডামের (বেগম খালেদা জিয়া) সঙ্গে অনেক কর্মসূচি পালন করেছি। তাঁর রুহের মাগফিরাত কামনা করছি।’

এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ভূমিকা ইতিহাসে লেখা থাকবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। অল্প সময়ে তিনি দেশের মানুষের আস্থা অর্জন করবেন বলে আশা করি। দল এবং সরকার তাঁর নেতৃত্বে সুসংগঠিত ও সফল হবে। দেশের মানুষের সমর্থন অব্যাহত থাকবে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচনের কিছু প্রথা আছে। সেগুলো শেষ করেই নির্বাচন হবে। দলের সঙ্গে সম্পৃক্ত নারীদের মনোনয়ন দেওয়া হবে।’

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল। ছবি: আজকের পত্রিকা
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মহাসচিব মির্জা ফখরুল। ছবি: আজকের পত্রিকা

বিএনপি দপ্তরের কর্মকর্তা রেজাউল করীম বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার আসবেন। সে জন্য সকাল থেকে আমরা রেডি ছিলাম। স্যার এসেছেন আমাদের ভালো লাগছে।’

কার্যালয়ের এক কর্মী বলেন, ‘গত ছয়টি দিন একেবারে ফাঁকা ছিল, নেতা-কর্মী কেউ সেভাবে আসেনি। আমাদের কাজ-কর্ম ছিল না। আজকে অনেকে আসছেন, স্লোগান দিচ্ছেন, গম গম করছে অফিস।’

ঢাকা মহানগর বিএনপির কর্মী আবদুল হালিম বলেন, ‘মহাসচিব আসবেন জেনে সকাল ১০টায় পার্টি অফিসে এসেছি। সঙ্গে আরও কয়েকজন এসেছে। গত কয়েক দিন ছিল বিএনপি অফিসটা একেবারে নীরব। লোকজন সেভাবে দেখিনি। আজকে এসে মনে হচ্ছে অফিস প্রাণ ফিরে পেয়েছে।’

নিজের চেম্বারে বসে বিএনপি মহাসচিব দপ্তরের সহসম্পাদকদের নিয়মিত অফিস করার নির্দেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ও কর্মকর্তা-কর্মচারীদের কাজকর্মের খোঁজখবর নেন এবং সকলকে নিয়মিত অফিসে থাকার বলেন। তাদের উদ্দেশে বলেন, ‘আপনারা নিয়মিত অফিস করবেন, কোনো কাজ ফেলে রাখা যাবে না। নেতা-কর্মীরা দূরদূরান্ত থেকে আসলে তাঁকে সহযোগিতা করবেন। এটাতে যেন কোনো শিথিলতা না হয়।’

নয়াপল্টনের অফিসে প্রায় ৪৫ মিনিট অবস্থানের পরে মির্জা ফখরুল সেখান থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত