
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। আজ শুক্রবার বিকেলে দলটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মতো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় সংসদে কোনো কার্যকর আলোচনা করা হয়নি। সাধারণ জনগণের সঙ্গে কোনো অর্থবহ মতবিনিময় কিংবা কোনো গণশুনানির ব্যবস্থাও নেওয়া হয়নি। অথচ এই সিদ্ধান্তের চরম অর্থনৈতিক বোঝা সরাসরি বহন করতে হবে দেশের সাধারণ মানুষকে।’
স্বপন আরও বলেন, ‘জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত শুধু একটি প্রশাসনিক নির্দেশ বা ঘোষণা হতে পারে না। এর পেছনের সুনির্দিষ্ট কারণ, হিসাব ও দায়বদ্ধতা জনগণের সামনে স্পষ্ট করতে হবে। যে সিদ্ধান্তের সার্বিক আর্থিক খেসারত জনগণকে দিতে হবে, সেই সিদ্ধান্তের যুক্তিসংগত ব্যাখ্যা পাওয়া জনগণের অধিকার। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) একটি মুনাফাভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান, নাকি জনসেবামূলক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান—তা জনগণের কাছে স্পষ্ট করতে হবে। এটি জনসেবামূলক প্রতিষ্ঠান হলে এর একমাত্র লক্ষ্য কেবল মুনাফা অর্জন হতে পারে না। আন্তর্জাতিক বাজারে দাম কমলে অর্জিত মুনাফা জনগণের সুরক্ষায় কাজে লাগাতে হবে; দাম বাড়লেই সম্পূর্ণ বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই ন্যায়সংগত নয়।’
বিপিসির স্বচ্ছতার দাবি জানিয়ে জেএসডি সাধারণ সম্পাদক বলেন, ‘বিপিসির অতীত মুনাফা, সংরক্ষিত অর্থের ব্যবহার এবং বর্তমান সময়কার আমদানি ও পরিচালন ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে। আন্তর্জাতিক মূল্য, বিদেশি মুদ্রার বিনিময় হার, পরিবহন ব্যয় এবং বিপিসির লাভ-লোকসান বিবেচনায় নিয়ে একটি স্বচ্ছ ও নিয়মিত মূল্য-সমন্বয় ব্যবস্থা চালু করা প্রয়োজন। মূল্যবৃদ্ধি যদি অনিবার্যই হয়ে থাকে, তবে তার অর্থনৈতিক ভিত্তি ও বিকল্প পথগুলোও জনগণের সামনে তুলে ধরা উচিত।’
জেএসডি সাধারণ সম্পাদক বলেন, ‘জ্বালানি তেলের মূল্য মানুষের দৈনিক জীবনযাত্রা ও সামগ্রিক অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করে। তাই জ্বালানি নীতি নির্ধারণে কেবল আমলাতান্ত্রিক সিদ্ধান্ত নয়—ভোক্তা, কৃষক, শ্রমজীবী, পরিবহন খাত, শিল্প মালিক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের প্রতিনিধিত্ব সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত রাখতে হবে।’
মানববন্ধনে সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ ও সীমিত আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় আরও কঠিন হয়ে পড়বে। রাষ্ট্রীয় মূল্যনীতি প্রণয়নে কেবল কাগজ-কলমের হিসাবের ভারসাম্য নয়, সামাজিক ন্যায়বিচার ও মানুষের বহনক্ষমতাকেও গুরুত্ব দেওয়া উচিত।’
সভাপতির বক্তব্যে মহানগর যুগ্ম সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, জ্বালানি তেলের দাম বাড়ানো হলে তা পরিবহন, কৃষি, পণ্য উৎপাদন ও সামগ্রিক বাজারমূল্যে সরাসরি প্রভাব ফেলে। পরিশেষে এই মূল্যবৃদ্ধির চূড়ান্ত বোঝা গিয়ে পড়ে সাধারণ মানুষের কাঁধেই।
মানববন্ধনে অন্য বক্তারা উল্লেখ করেন, জ্বালানির মূল্য বাড়ানো কোনো টেকসই বা সহজ সমাধান হতে পারে না। প্রশাসনিক অপচয়, অদক্ষতা ও অস্বচ্ছ ব্যবস্থাপনার দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।
কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, বিপিসির আয়-ব্যয় ও লাভ-লোকসানের বিবরণী প্রকাশ এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে একটি স্বচ্ছ মূল্য-সমন্বয় ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান।
মানববন্ধনে দলটির সহসভাপতি অ্যাডভোকেট কে এম জাবির, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম, নুরুল আমিন, এস এম সামছুল আলম নিক্সন, কামরুল আহসান অপু, বোরহান উদ্দিন চৌধুরী রোমান, আজম খান, ফারহান হাবিব, এম এ আউয়াল, আবুল হোসেন মিয়া, নেক মোহাম্মদ, মো. তোফাজ্জল হোসেন, শাহানা সুলতানা ও ইলোরা খাতুন সোমাসহ দলীয় নেতা-কর্মীরা বক্তব্য প্রদান করেন।

উন্নত দেশগুলোতে হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ফার্মাসিস্টদের ভূমিকা নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশেও এ বিষয়ে একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার। একই সঙ্গে দেশের ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল খাতকে আরও সম্প্রসারণে মনোযোগ দিতে হবে। বাংলাদেশের ওষুধশিল্প এক সময় বিদেশেও রপ্তানি হয়েছে।
২ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা ও আগের রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে ষড়যন্ত্র করা হচ্ছে। চব্বিশের গণ-আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে, তা নস্যাৎ করার কোনো অপচেষ্টাই সফল হতে দেওয়া যাবে না...
৫ ঘণ্টা আগে
জাতিসংঘে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মারণাস্ত্রের বিপরীতে কূটনীতি, শিক্ষা ও শান্তিকে পরিবর্তনের হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন। ফিলিস্তিনিদের অধিকার ও তাদের স্বাধীন রাষ্ট্র পাওয়ার অধিকারের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী...
৬ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী সহায়তা করছে—সরকারের মন্ত্রী ও নেতাদের এমন অভিযোগের কোনো প্রমাণ নেই। তিনি এ বিষয়ে প্রমাণ প্রকাশের জন্য সংশ্লিষ্টদের প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন।
৮ ঘণ্টা আগে