Ajker Patrika

ময়মনসিংহে জামায়াতের আমিরের জনসভা, জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫: ৫৩
ময়মনসিংহে জামায়াতের আমিরের জনসভা, জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা
ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানের জনসভার প্রস্তুতি। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সফরকে কেন্দ্র করে নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। সকাল থেকে নেতা-কর্মীরা বিভিন্ন উপজেলা থেকে এই সার্কিট হাউস ময়দানে এসে উপস্থিত হচ্ছেন।

স্থানীয় নেতৃবৃন্দ এই জনসভা সফল করতে নানা প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনী জনসভায় ময়মনসিংহে ১১টি সংসদীয় আসনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

ফুলবাড়িয়া থেকে জনসভায় আসা আবদুল মান্নান বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে জামায়াতের আমিরের একজন ভক্ত। তাই তাঁর বক্তব্য শোনার জন্য চলে এসেছি। সামনের সারিতে বসছি। লোকটাকে দেখলে খুব ভালো লাগে।’

জনসভায় মিছিল নিয়ে আসা শহীদুল ইসলাম বলেন, ‘ইসলামি দল জামায়াতকে ঘিরে দেশের মানুষ উজ্জীবিত। তারা পরিবর্তন চাচ্ছে। তার প্রতিফলন ঘটবে ১২ ফেব্রুয়ারিতে। যতই দিন এগোচ্ছে জামায়াতের প্রতি মানুষের আত্মবিশ্বাস ততই বাড়ছে।’

ময়মনসিংহ-৪ সদর আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, ‘প্রতিটি পাড়া-মহল্লায় জামায়াতের পক্ষে জোয়ার উঠেছে। দীর্ঘ বছর পর মানুষ পরিবর্তনের লক্ষ্যে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ-নিষ্ঠা একটি গ্রহণযোগ্য দল। ইনসাফ প্রতিষ্ঠার দল। ৫ আগস্ট-পরবর্তী প্রেক্ষাপটে এই দলটির প্রতি মানুষের আস্থা বেড়েছে কয়েক গুণ। জামায়াতে ইসলামীর আমিরের জনসভা সফল করতে ১১টি সংসদীয় আসন থেকে লোকজন আসবেন। সকাল ৯টা থেকে তাঁরা দলে দলে মাঠে আসতে শুরু করেছেন। আমিরের আগমন ও বক্তব্যে দলটির প্রতি মানুষের আস্থা আরও বেড়ে যাবে। কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছি। সেই লক্ষ্যে নেওয়া হয়েছে জোরদার নিরাপত্তাব্যবস্থা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত