সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হওয়া বিএনপির ৪৩ নেতা–কর্মীকে আজীবন বহিষ্কার করেছে দলটি।
সোমবার (৫ জুন) রাত ১২টায় সিলেট নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে নগরের ২৭ নং ওয়ার্ড বিএনপির সদস্য স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী সালাউদ্দিন রিমনসহ ৪৩ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, ‘সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আপনি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করার কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক নয়। আপনার নির্বাচন করার সিদ্ধান্ত গত ১৫ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলন করা গুম, খুন ও সরকারি পৈশাচিক নিপীড়নের শিকার হয়েছে এমন পরিবারসহ গণতন্ত্রকামী জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতি বিশ্বাসঘাতকতা। দলীয় গঠনতন্ত্রের বিধান অনুযায়ী প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হলো। এবং গণতন্ত্র উদ্ধারের ইতিহাসে আপনার নাম একজন বেইমান, বিশ্বাসঘাতক ও মীরজাফর হিসেবে উচ্চারিত হবে।’
সিলেট নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, সোমবার সিলেটে সিটি নির্বাচনে প্রার্থী হওয়া ৪৩ জনকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। প্রথমে ৪১ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়; পরে আরও ২ জন নেতার নাম পাঠানো হয়। সব মিলিয়ে নির্বাচনে অংশ নেওয়া সিলেটের ৪৩ নেতাকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাচ্ছে না। কিন্তু সিলেটে যারা দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়েছিলেন তাঁদের বিএনপি আজীবন বহিষ্কার করেছে। বিএনপির নেতা–কর্মীরা বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে নেই; আমরা আন্দোলনে আছি। সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে। ২৩ মে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া শেষ হয়েছে। ২৫ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়েছে। ১ জুন প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল। ২ জুন প্রতীক বরাদ্দ।
২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত চারবার নির্বাচন হয়েছে। ২০০৩ সালে প্রথম নির্বাচনে বিজয়ী বদর উদ্দিন কামরান, ২০০৮ সালের দ্বিতীয় নির্বাচনেও কারাগার থেকে মেয়র নির্বাচিত হন তিনি। ২০১৩ সাল থেকে মেয়র পদে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী। তবে এবার তিনি দলের সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আজ শুক্রবার মাগরিবের বিরতির আগে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’ অনুমোদন নিয়ে বিতর্কের সূচনা হয়। অধ্যাদেশটি হুবহু অনুমোদনের সুপারিশ করেছিল জাতীয় সংসদের বিশেষ কমিটি।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আজ শুক্রবার মাগরিবের বিরতির আগে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ’ অনুমোদন নিয়ে বিতর্কের সূচনা হয়। অধ্যাদেশটি হুবহু অনুমোদনের সুপারিশ করেছিল জাতীয় সংসদের বিশেষ কমিটি। কিন্তু সেখানে সরকারের নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়, এমন তিনটি সংশোধনী এনে আজ শুক্রবার বিল...
১ ঘণ্টা আগে
সরকারি দলের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ শুক্রবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দল ওয়াকআউট করে।
২ ঘণ্টা আগে
বগুড়া-৬ উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে নির্বাচনে অনিয়ম, কেন্দ্র দখল, নেতা কর্মীদের ওপর হামলার অভিযোগ এনে আসন দুটিতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
৫ ঘণ্টা আগে