
আগামী এপ্রিল মাসের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও উপজেলা কমিটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি বলেন, ‘আজ থেকে দলের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছি। এক সপ্তাহের মধ্যে আমাদের কমিটির যে ফরমেশন প্রক্রিয়া, সেদিকে চলে যাব। এপ্রিল মাসের মধ্যে জেলা ও উপজেলা কমিটিগুলো দেখতে পাবেন।’
আজ শুক্রবার রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন সারজিস আলম। তিনি বলেন, ‘প্রত্যেক জেলা ও উপজেলায় আমাদের অসংখ্য শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যাঁরা নতুন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন। যাঁরা মনে করেন, তরুণেরা অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ও বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা আছে। এই নেতৃত্ব যেমন তারুণ্যনির্ভর হবে, আমাদের অগ্রজরাও অবশ্যই থাকবেন। সামনে এগিয়ে চলার ক্ষেত্রে তরুণদের সাহস ও উদ্যম যেমন দরকার, তেমন অগ্রজদের পরামর্শ ও অভিজ্ঞতা অনেক বেশি প্রয়োজন।’
সারজিস আরও বলেন, বিগত এক যুগ ধরে রাজনীতি গণমানুষের ছিল না। রাজনীতি ছিল টাকা দিয়ে মনোনয়ন কেনা ও রাতের আঁধারে ভোট কারচুপির মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া। এখন আমরা যখন জনগণের রায়ে বাংলাদেশে নতুন করে নির্বাচনের আশা করছি, তখন আমাদের জনগণের কাছে যেতে হবে। কারণ, জনগণ তাঁদের ভোটাধিকার ফেরত পাবেন। জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগণের প্রতিনিধিত্ব করতে আমরা সংসদে যেতে চাই। আমরা মাঠে-ঘাটে, অলিতে-গলিতে ও বাড়িতে জনগণের কাছে যাব। আমরা দেশকে নিয়ে যে স্বপ্ন দেখি ও যা করতে চাই, আমাদের যা প্রত্যাশা, সেগুলো তুলে ধরতে জনগণের কাছে যাব। এত ত্যাগ ও রক্তের পরে জনগণের চাওয়া কী, সেগুলো শুনতে চাই।’
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এনসিপির পরিকল্পনা প্রসঙ্গে সারজিস বলেন, ‘আমাদের যে রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাত্র এক মাস হয়েছে। আগামী এক বছরের মধ্যে ইলেকশনের কথা শুনতে পাচ্ছি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ডিসেম্বর-জানুয়ারির মধ্যে বলা হচ্ছে। ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেওয়া আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে এ চ্যালেঞ্জ নিতে আমরা অভ্যস্ত ও প্রস্তুত রয়েছি। ৩০০ আসনে প্রার্থী দেওয়া আমাদের লক্ষ্য এবং সর্বোচ্চ চেষ্টা করে যাব। চোখের সামনে জুলাই-আগস্টে যে রক্তাক্ত নিথর দেহগুলো ছিল, সেগুলোকে যদি আমরা সামনে রাখতে পারি, তাহলে আমরা এই ২৪–এর জুলাই অভ্যুত্থানের যে স্পিরিট, সেটা থেকে কখনো বিচ্যুত হব না। আমরা যদি জনগণের জন্য কাজ করতে পারি, তাহলে জনগণই তাঁদের রায় দিয়ে সংসদে নিয়ে যাবেন।’
উত্তরাঞ্চলের প্রতি বাজেট বৈষম্যের কথা উল্লেখ করে সারজিস বলেন, ‘বিগত ১৬ বছরে যত বাজেট হয়েছে, সেগুলো ছিল অঞ্চলভিত্তিক। লবিংভিত্তিক বাজেটে এ ক্ষেত্রে দক্ষিণাঞ্চল সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। যে যার মতো করে ক্ষমতার অপব্যবহার করে, লবিং করে, বাজেট বরাদ্দ নিজের জায়গায় নিয়ে গেছে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার এই অঞ্চলের মানুষের যতটুকু প্রাপ্য ততটুকু বরাদ্দ রাখবে, আমরা এই আশা করি। অন্তর্বর্তী সরকারের ওপর আমরা সেই আস্থা রাখতে চাই। বাংলাদেশের জন্য আমাদের যতটুকু কন্ট্রিবিউশন ও উত্তরবঙ্গের মানুষের যতটুকু প্রাপ্য ততটুকু এখন থেকে যেন আমরা পাই। সেটা যদি হয়, তাহলে বাংলাদেশ প্রকৃতপক্ষে সামনের দিকে এগিয়ে যাবে।’
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক আসাদুল্লাহ আল গালিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ, মহানগর কমিটির আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, সদস্যসচিব রহমত আলী প্রমুখ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর নামে যুক্তরাজ্যে মামলা হয়েছে। এমনটি জানিয়েছে এনসিপি ইউকে অ্যালায়েন্স। গতকাল শনিবার রাতে এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
৬ ঘণ্টা আগে
জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টা করছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এমন মন্তব্য করেছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না...
১৬ ঘণ্টা আগে
১৮ জুন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সূজা উদ্দীনের বিরুদ্ধে একটি অভিযোগ কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটিতে উত্থাপিত হয়েছে। অভিযোগের তদন্ত ও সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণের জন্য একই দিন কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশে তিন সদস্যের একটি তদন্ত...
২১ ঘণ্টা আগে
‘সরকারের যে রাজনৈতিক দল, তার নামের আগে একটি “জাতীয়তাবাদী” শব্দ আছে। এই শব্দটির সঙ্গে মিশে আছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র। অর্থাৎ এই সরকার এমন কিছু করবে না, যাতে আমাদের স্বাধীনতা বিপন্ন হয় কিংবা সার্বভৌমত্ব প্রতিদিন একটু একটু করে দুর্বল হয়। তবে এই সরকারকে অনেক চক্রান্ত...
১ দিন আগে