Ajker Patrika

বিএনপি খাল খননের নামে শ্রমিকের টাকা, খালের বালু খাওয়া শুরু করেছে: সারজিস

ময়মনসিংহ প্রতিনিধি
বিএনপি খাল খননের নামে শ্রমিকের টাকা, খালের বালু খাওয়া শুরু করেছে: সারজিস
পদযাত্রা শেষে পথসভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি খাল খনন মেগা প্রজেক্ট শুরু করে শ্রমিকের টাকা, খালের মাটি এবং খালের বালু খাওয়া শুরু করেছে, এখন শুধু তাদের খালটা খাওয়া বাকি আছে।’

আজ শনিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পদযাত্রা শেষে পথসভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ধোবাউড়ায় বালু লুটপাট করা হচ্ছে। আর কারা করছে তা সকলেই জানেন। তিনি আরও বলেন, ‘আমরা বিএনপিকে স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের সময় মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছিল, আপনারা যদি একই পথে হাঁটেন তাহলে আপনাদেরও পরিণতি ভয়াবহ হবে।’

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সারজিস আলম বলেন, ‘২০২৪ সালে ডিসি-এসপিদের ব্যবহার করে ডামি নির্বাচন হয়েছে। সেই কর্মকর্তাদের মধ্যে তাদের একজনেরও চাকরি নেই। তাই আপনারা জনগণের পাশে থাকুন। না হয় আপনাদেরও এমন অবস্থা হবে।’

সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গ তুলে সারজিস বলেন, ‘সীমান্ত সুরক্ষিত না থাকলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে না। সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। পুশইন বন্ধ হতে হবে। সেজন্য সবাইকে বিজিবির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে রাত জেগে সীমান্ত পাহারা দিতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে এনসিপি নেতা বলেন, ‘নির্বাচন বৈধ হলে গণভোটও বৈধ হবে। না হলে আপনিও অবৈধ।’

পথসভায় এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘রাষ্ট্রপতির দৌড়ে অনেকে প্রতিযোগিতা করছে। যেই আসুক শেখ হাসিনার কোনো রেসপনসার হইতে পারবে না। সকল জুলাই শহীদদের বিচার করতে হবে। আহতদের চিকিৎসাভার নিতে হবে, হাদি হত্যার বিচার করতে হবে, চাঁদাবাজি, অনিয়ম এবং দুর্নীতি বন্ধ করতে হবে।’

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবিতে এনসিপি সারা দেশে পদযাত্রা ও পথসভার কর্মসূচি পালন করছে। এরই অংশ হিসেবে শনিবার ধোবাউড়া উপজেলা পরিষদ থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা মাঠে পথসভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শক্তির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. জাহিদুর রহমান, জেলা এনসিপির আহ্বায়ক এটিএম মাহবুবুল আলম, সদস্যসচিব জসিম উদ্দিন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত