দেশের জনগণের প্রত্যাশা ছিল রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকারি সেবা পেতে আর ভোগান্তি পোহাতে হবে না। কিন্তু সে আশা যে দুরাশায় পরিণত হয়েছে, সেটা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চাঁদপুর কার্যালয়ের দালালদের কর্মকাণ্ডই বলে দিচ্ছে। কারণ, এখানকার দালালেরা বিআরটিএ কার্যালয়ের চেয়ার-টেবিলে বসে তাদের অপকর্মগুলো করছে। এ কারণে সেবাগ্রহীতাদের পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে, আর এই ভোগান্তির নেপথ্যে রয়েছে দালাল চক্র এবং কার্যালয়ের কতিপয় অসাধু কর্মীর যোগসাজশ। এ নিয়ে আজকের পত্রিকায় ৩ জুলাই একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
চাঁদপুর বিআরটিএ কার্যালয়ে সরকারি কর্মীর সংখ্যা মাত্র তিনজন—একজন মোটরযান পরিদর্শক, একজন সহকারী পরিচালক (প্রকৌশলী) এবং একজন দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী। এই স্বল্পসংখ্যক কর্মী থাকার সুযোগ নিয়েই একটি শক্তিশালী দালাল চক্র গড়ে উঠেছে। মো. শহীদ, মো. শাহজাহান, মো. মানিক ও মোহাম্মদ আলী নামের চারজনের বিরুদ্ধে সরাসরি সরকারি চেয়ার-টেবিল ব্যবহার করে দালালি করার অভিযোগ উঠেছে। এ ছাড়া অটোরিকশাচালক শ্রমিক ইউনিয়নের নেতা রিপন এবং ট্রাক, লরি শ্রমিক ইউনিয়নের নেতা মন্টুও দালালি কার্যক্রমে জড়িত। দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারী জিয়া হক এই দালালদের সঙ্গে সমন্বয় করে কাজ করেন বলেও অভিযোগ আছে।
ড্রাইভিং লাইসেন্সের জন্য আঙুলের ছাপ দিতে আসা শত শত সেবাগ্রহীতা প্রতিনিয়ত দালালদের হাতে জিম্মি হচ্ছেন। সরকারি ফি পরিশোধ করার পরও নানা রকম ভুল দেখিয়ে তাঁদের ভোগান্তিতে ফেলা হয়। অথচ দালালদের মাধ্যমে টাকা দিলে কাজ দ্রুত ও সহজে হয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এই দালাল চক্রের এতটাই প্রভাব যে, সাংবাদিকরা তাদের দালালি কার্যক্রম নিয়ে প্রশ্ন করলে তারা হুমকি-ধমকি দেয় বা নিজেদের ক্ষমতাধর আত্মীয়স্বজনের পরিচয় দেয়। এমনকি উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো অফিসের একজন পিয়নের বিরুদ্ধেও অর্থের বিনিময়ে আঙুলের ছাপের কাজ ত্বরান্বিত করার অভিযোগ রয়েছে।
শুধু ব্যক্তিগত দালালিই নয়, মোটরসাইকেল বিক্রয় কেন্দ্রগুলোর বিক্রয়কর্মী বা ম্যানেজাররাও এই দপ্তরে দালাল হিসেবে কাজ করেন। তাঁরা মোটরসাইকেল নিবন্ধনে অতিরিক্ত ১ হাজার টাকা নিয়ে থাকেন। ফরিদগঞ্জ থেকে আসা একজন জানান, সুমাইয়া মোটরস নামের একটি প্রতিষ্ঠান তাঁর ড্রাইভিং লাইসেন্স করিয়ে দেওয়ার জন্য ১২ হাজার টাকা নিয়েছে এবং লাইসেন্সপ্রাপ্তির সমস্ত কাজ তারাই করে দেবে বলে জানিয়েছে।
একটি সরকারি প্রতিষ্ঠান এভাবে চলতে পারে না। এই অফিসে প্রয়োজনের তুলনায় লোকবলের সংকট আছে। সেই সুযোগ কাজে লাগাচ্ছে দালালেরা। এই অনিয়মের চক্র ভাঙতে হলে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। দালালদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে কার্যালয়ের মধ্যে থেকে যাঁরা দালালদের সঙ্গে যোগসাজশ করেন, তাঁদের বিরুদ্ধেও আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা জরুরি। কারণ, কর্মকর্তারা সুযোগ না দিলে দালাল চক্র অপকর্ম করার সাহস পেত না।
এর বাইরে পুরো প্রক্রিয়াটাকে স্বচ্ছ করার জন্য সেটিকে ডিজিটালাইজড করা গেলে দালালদের অপকর্ম বন্ধ করা সম্ভব। কর্তৃপক্ষের এদিকে বিশেষ মনোযোগ দেওয়া দরকার।

আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের বেসরকারি প্রতিষ্ঠান আদানি পাওয়ারের সঙ্গে অসম চুক্তির ব্যাপারটি নতুন ছিল না। সে সময়ও এটা নিয়ে প্রশ্ন ও সমালোচনা উঠেছিল। তারপরও সে সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সে চুক্তি করেছিল। অন্তর্বর্তী সরকার আদানির সঙ্গে চুক্তি অনুযায়ী বকেয়া টাকা পরিশোধ করেছিল।
৪ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস শুরু হয়েছে গতকাল। এ সময় এলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে একটি বড় পরীক্ষা দিতে হয়। জাতীয় রাজস্ব বোর্ড সব সময় বলে আসছে, দেশে উৎপাদন ও আমদানি চাহিদার তুলনায় সামঞ্জস্যপূর্ণ। কিন্তু বাস্তব ফল উল্টো। ফলমূল, সবজি, মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের মতো এবারেও বেড়েছে।
৪ ঘণ্টা আগে
আটচল্লিশে শুরু হওয়া ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পরিগ্রহ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হয়ে এদিন আত্মাহুতি দিয়েছিলেন বাংলার দামাল সন্তানেরা। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা এবং একুশের চেতনার মশাল সমুন্নত রাখার এই সংগ্রাম বায়ান্নতেই...
৪ ঘণ্টা আগে
কেউ যে ঘুষ খায় না—এটাই যে বিস্ময়ের ব্যাপার হতে পারে, সেটা দেখা গেল রংপুরের এক ঘটনায়। কাগজে মোড়ানো এক গিফট বক্স নিয়ে যে ঘটনাটি ঘটে গেল, তা কাল্পনিক নাটকের ঘটনাকে ছাপিয়ে যায়। শিক্ষা কর্মকর্তার হাতে তুলে দেওয়ার জন্য এক ব্যক্তি গিফট বক্সের ভেতর ৭ লাখ টাকা নিয়ে আসেন।
১ দিন আগে