
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতি, দুঃশাসন, ভঙ্গুর অর্থনীতি এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বীর শহীদ, যুদ্ধাহত ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘আজকের এই মহতী অনুষ্ঠানের শুরুতেই আমি বাংলাদেশের জন্মযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই, যাঁদের আত্মত্যাগে আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধে যাঁরা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, সেই সকল আহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের গভীর ভালোবাসা। তাঁদের উদ্দেশে বলতে চাই, আপনাদের সাহসী ভূমিকা এখনো বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় মানুষের জন্য প্রেরণা। ১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ—এভাবে দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে যাঁরা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন, তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা।’
স্বাধীনতা পুরস্কারের প্রেক্ষাপট তুলে ধরে তারেক রহমান বলেন, ‘স্বাধীন বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যাঁরা দেশ এবং জনগণের জন্য স্মরণীয় অবদান রেখেছেন, তাঁদেরকে রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করেছিলেন।’
চলতি বছর নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সরকার ১৫ বিশিষ্ট নাগরিক এবং ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং নারী শিক্ষাসহ দেশ গঠনে অসামান্য অবদানের জন্য খালেদা জিয়াকে এ বছর মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে।
ইতিহাসের সত্যতা স্বীকার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। আমি বিশ্বাস করি, ঐতিহাসিক সত্য মেনে নিতে দ্বিধাচিত্তে থাকা হীনম্মন্যতার পরিচায়ক।’
প্রধানমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সেই কথা স্মরণ রেখেই বলতে চাই, আমাদের পথ, মত ভিন্ন হতে পারে। আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক-বিরোধ থাকতে পারে, তবে তা যেন শত্রুতায় রূপ না নেয়। কারণ, বাংলাদেশের স্বার্থবিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে।’
দেশের ভঙ্গুর অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘দুর্নীতি, দুঃশাসনে পর্যুদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি, দুর্বল শাসনকাঠামো আর অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির ভেতর দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার।’
শিক্ষাব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের বর্তমানে এক বিশালসংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। কর্মক্ষম এই জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান তৈরি করাই এই মুহূর্তের বড় চ্যালেঞ্জ। শুধু অর্থনীতিই নয়, ফ্যাসিবাদী শাসনামলে আমাদের শিক্ষাব্যবস্থায়ও বিপর্যয় নেমে এসেছিল। ইন্টেরিম সরকারের সময়েও শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফেরেনি দুঃখজনকভাবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দেশে শিক্ষাব্যবস্থাকে আধুনিক এবং কর্মমুখী করতেই হবে। শিক্ষাব্যবস্থাকে বাস্তবমুখী করার কাজটিও আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি।’
নারীর নিরাপত্তার বিষয়েও গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে অর্ধেকের বেশি নারী। নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে না পারলে আমাদের কোনো উদ্যোগই সহজে সফল হবে না। এভাবে প্রতিটি সেক্টরকে চিহ্নিত করে সরকার কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের রায়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার আগেই বিস্তারিতভাবে দেশের জনগণের সামনে দলীয় ইশতেহার ঘোষণা করেছিলাম। রাষ্ট্র মেরামতের অঙ্গীকার নিয়ে আমরা প্রকাশ্যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য স্বাক্ষর করেছিলাম। জনগণ আমাদের প্রতিটি অঙ্গীকারের পক্ষে সমর্থন জানিয়েছে। এবার আমাদের অঙ্গীকার বাস্তবায়নের পালা।’
নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যে জনগণের সামনে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছি। আমরা দলীয় ইশতেহার এবং স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফার প্রতি অঙ্গীকার অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব ইনশা আল্লাহ। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, পুঁথিগত পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি। বিএনপি সরকার যতবার রাষ্ট্র পরিচালনা সুযোগ পেয়েছে, বারবার এর প্রমাণ দিয়েছে।’
বৈশ্বিক সংকট ও অর্থনীতির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমরা সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছি। বিশ্বের সকল দেশে তেল, ডিজেলের দাম বাড়ানো হলেও আমরা...বর্তমান সরকার দাম বাড়ায়নি। এই খাতে প্রতিদিন শতকোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। জনগণের সুবিধা নিশ্চিত রাখতে সরকার সম্ভাব্য সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। কারণ, বর্তমান সরকার জনগণের সরকার। জনগণের কাছে দায়বদ্ধ সরকার।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি আশ্বস্ত করতে চাই, জনগণের বিচলিত হওয়ার কারণ নেই। তবে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে বাহুল্যের বর্জন, এমনকি পারিবারিক পর্যায়েও অমিতব্যয়িতা পরিহার করার জন্য আমি দেশবাসীর প্রতি অনুরোধ জানাই।’
সবশেষে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ যাঁরা স্বাধীনতা পদকে ভূষিত হলেন...আপনারা জাতির গৌরব। আপনাদের মতো সফল মানুষেরা আগামী প্রজন্মের সামনে দৃষ্টান্ত হয়ে উঠুন, এই প্রত্যাশায় আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাই। যাঁরা মরণোত্তর পুরস্কার পেয়েছেন, আল্লাহর দরবারে তাঁদের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি।’

চলতি বছরে বাংলাদেশ থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইট যাত্রা করবে শুক্রবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে। এর আগে রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়...
১ ঘণ্টা আগে
যশোরের চৌগাছার ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলির ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ২০ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ...
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে বিভ্রাট ও দুর্নীতির অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুর রহিম জোয়ারদারকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২ ঘণ্টা আগে