
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ একটি সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নীতি প্রণয়নের কাজ এগিয়ে নিচ্ছে। পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তা জোরদার, সরকারি খাতে এআই ব্যবহারের নীতিমালা প্রণয়ন, দায়িত্বশীল তথ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা, এআইভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিকেন্দ্রীভূত এআই সেন্টার অব এক্সেলেন্স প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
আজ শনিবার চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডব্লিউএআইসি) ২০২৬’-এর গ্লোবাল এআই গভর্ন্যান্সবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী এসব কথা জানান।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানবাধিকার, নৈতিকতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে ভিত্তি করে একটি আধুনিক, নিরাপদ ও দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমন্বিত শাসনব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ কাজ করছে।
মন্ত্রী জানান, বর্তমান সরকার দেশের ডিজিটাল নীতি ও আইনকে সময়োপযোগীভাবে সংস্কার করছে, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে জনগণের কল্যাণে কাজে লাগানো যায় এবং একই সঙ্গে এর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কার্যকর শাসনব্যবস্থা নিশ্চিত করা যায়।
এ সময় বৈশ্বিক এআই শাসনব্যবস্থার জন্য চারটি মৌলিক অগ্রাধিকার—নিরাপত্তা, সমতা, অভিযোজন সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন ফকির মাহবুব আনাম।
মন্ত্রী বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি, তথ্যের সার্বভৌমত্ব এবং ন্যায্য প্রযুক্তি প্রবেশাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে যৌথভাবে কাজ করতে হবে।
আইসিটি মন্ত্রী আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ যেন শুধু প্রযুক্তিগত উৎকর্ষের নয়, বরং মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তির প্রতিফলন হয়—বাংলাদেশ সেই লক্ষ্যেই বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানায়।
‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য এআই অংশীদারত্ব’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত বৈঠকে টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা, সমষ্টিগত নিরাপত্তা জোরদার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এবং বৈশ্বিক এআই শাসনব্যবস্থা শক্তিশালী করতে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার নিয়ে আলোচনা হয়।
সভায় বিভিন্ন দেশের সরকারপ্রধান, মন্ত্রী ও তাঁদের প্রতিনিধিদল, আন্তর্জাতিক সংস্থার প্রধান, শিল্প খাতের প্রতিনিধি এবং বিশিষ্ট শিক্ষাবিদরা অংশ নেন। তাঁরা কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, এর সুশাসন এবং এ খাতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
চীনের সাংহাইয়ে চার দিনব্যাপী ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডব্লিউএআইসি) ১৭ জুলাই শুরু হয়। এই সম্মেলন শেষ হবে ২০ জুলাই।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে কৃষক ও কৃষিজমির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করতে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। আজ শনিবার থেকে দেশের সব উপজেলায় একযোগে এ কার্যক্রম শুরু হবে বলে এক অফিস আদেশে জানানো হয়েছে...
২ ঘণ্টা আগে
আজ শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন। বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় যানবাহনের হর্নের অতিরিক্ত ব্যবহার কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এ ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থাকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
৪ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের তরুণেরা চীনে যাচ্ছে এবং সম্পর্ক গড়ে তুলছে। তারেক রহমানের সফর দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও গতিশীল করেছে। চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক দীর্ঘদিনের। ফ্যাসিস্ট আওয়ামী নির্যাতনের সময়ও আমরা দলটির সঙ্গে যোগাযোগ রেখেছি।’
৪ ঘণ্টা আগে