Ajker Patrika

৬ মাসে মালয়েশিয়ায় পাঠানো হবে ২ লাখ কর্মী, শুরু আগামী মাস থেকেই

বিশেষ প্রতিনিধি, ঢাকা
আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১২: ১৭
৬ মাসে মালয়েশিয়ায় পাঠানো হবে ২ লাখ কর্মী, শুরু আগামী মাস থেকেই
মীর শাহে আলম । ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী পাঠানোর প্রক্রিয়া আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে। ছয় মাসের মধ্যে এসব কর্মী মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এর বাইরে আরও ১০ হাজার বাংলাদেশি কর্মীকে কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই (জিরো কস্ট) নেওয়ার সিদ্ধান্ত রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।

মালয়েশিয়ার হাইকমিশনারের বরাতে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সেপ্টেম্বরের শেষ নাগাদ পর্যায়ক্রমে শুরু হবে। আগামী ছয় মাসের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করা হবে।

দুই লাখ কর্মী কীভাবে পাঠানো হবে জানতে চাইলে মীর শাহে আলম বলেন, মালয়েশিয়ার তালিকাভুক্ত কোম্পানিগুলোর মাধ্যমে দুই লাখ কর্মী দেশটিতে যাবে। এর বাইরে মালয়েশিয়া আরও ১০ হাজার কর্মী একেবারে বিনা খরচে নেবে বলেও জানান তিনি।

এর আগে দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত করার উদ্যোগের কথা জানায় সরকার। নতুন প্রক্রিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে স্বচ্ছতা, অভিবাসন ব্যয় কমানো এবং কর্মীদের স্বার্থ সুরক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত