
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার প্রাপ্ত নম্বর, ফলাফল নিজের আইডিতে (ইউনিক আইডি) দেখতে পারবেন চাকরিপ্রার্থীরা। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার পর বিধিমালা সংশোধনের কাজ চলছে। ৪৭তম বিসিএস থেকে এই সুবিধা কার্যকর করতে আশাবাদী পিএসসি।
চিকিৎসক ও প্রভাষক নিয়োগে বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে পিএসসি। ৪৮তম বিসিএস হবে বিশেষ বিসিএস। ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী জুন মাসে প্রকাশ হতে পারে।
সাংবিধানিক সংস্থা পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম গত রোববার নিজ দপ্তরে আজকের পত্রিকা'কে বলেন, ‘নিয়োগপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ, জবাবদিহিমূলক করার অংশ হিসেবে প্রত্যেক চাকরি-প্রার্থী তাঁর প্রাপ্ত নম্বর, ফলাফল নিজের আইডিতে (ইউনিক আইডি) দেখতে পাবেন। এ বিষয়ে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখন চলছে এ-সংক্রান্ত বিধিমালা সংশোধনের কাজ। আশা করছি, এটি ৪৭তম বিসিএস থেকেই কার্যকর করা সম্ভব হবে।’ তিনি বলেন, এই ইউনিক আইডি দিয়ে পিএসসির ক্যাডার ও নন-ক্যাডার উভয় পদেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। এতে বারবার আবেদন করার জটিলতা কমবে।
পিএসসি সূত্র জানায়, প্রত্যেক আবেদনকারীকে একটি আইডি দেওয়া হবে, যা ইউনিক আইডি নামে পরিচিত হবে। বিসিএস কর্মকর্তা নিয়োগে তিন ধাপে প্রার্থী বাছাই করা হয়। এগুলো হলো প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা। এখন বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের পর শুধু প্রার্থী আবেদন করলে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানতে পারেন। ইউনিক আইডি হলে কোন কোন পরীক্ষার (প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক) প্রাপ্ত নম্বর প্রার্থীরা দেখতে পাবেন, এ বিষয়ে শিগগির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।
গত ডিসেম্বরে আজকের পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে মোবাশ্বের মোনেম বলেছিলেন, একবার প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে দুই থেকে তিনবার লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
এর আগের কমিশন আইডি থাকা প্রার্থীদের একবার আবেদনেই চাকরির বয়স থাকা পর্যন্ত সব বিসিএসে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার চিন্তাভাবনা জানিয়েছিল।
চিকিৎসক ও প্রভাষক নিয়োগে বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করার প্রস্তুতি নিচ্ছে পিএসসি। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায়, শিক্ষা ক্যাডারে প্রভাষক পদে ৬৮৩ জন এবং স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজার ৩০ জনকে চিকিৎসকের এন্ট্রি পদে নিয়োগের জন্য বিশেষ বিসিএস আয়োজন করতে পিএসসিকে জানানো হয়েছে।
চিকিৎসক ও প্রভাষক নিয়োগের বিশেষ বিসিএসের বিষয়ে পিএসসির চেয়ারম্যান বলেন, ৪৮তম বিসিএস হবে বিশেষ বিসিএস। এই বিসিএস আয়োজনের জন্য বিধিমালা সংশোধনের কাজ চলছে। বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপন জারি হলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে চিকিৎসক ও প্রভাষক নিয়োগের জন্য একটি, না আলাদা বিজ্ঞপ্তি দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
সর্বশেষ ২০০৬ সালে ২৬তম বিসিএসের (বিশেষ) মাধ্যমে ১ হাজার ৪৭ জন প্রভাষক নিয়োগ দেওয়া হয়। পরে সাধারণ বিসিএসের সঙ্গে শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হলেও শিক্ষার জন্য আলাদা বিসিএস নেওয়া হয়নি। বিশেষ ৩৯তম ও ৪২তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।
৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল আগামী মাসের (জুন) মধ্যে প্রকাশ করার প্রস্তুতি চলছে। চলতি মে মাসেই এই বিসিএসের মৌখিক পরীক্ষা শেষ হবে। পিএসসির চেয়ারম্যানও আগামী ৩০ জুনের মধ্যে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করার আশাবাদ জানিয়েছেন।
৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।
অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, দ্রুততম সময়ে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নিতে আবার কাজ শুরু করেছে কমিশন।
আরও খবর পড়ুন:

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিসহ তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্যপ্রমাণ-সংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর উদ্যোগ....
৩৬ মিনিট আগে
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’-এর ঘটনায় ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪২ মিনিট আগে
১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে