টেকনাফে মানব পাচার চক্রের গুলিতে সেনাসদস্য আহত, উদ্ধার ৫৭: আইএসপিআর

কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চক্রটির সঙ্গে গোলাগুলিতে এক সেনাসদস্য আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআরের তথ্য অনুযায়ী, টেকনাফে মানবপাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। অভিযানের সময় চক্রের সদস্যদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে এক সেনাসদস্য আহত হন।
অভিযানে মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার এবং ৫৭ জনকে উদ্ধার করা হয়। তবে আটক ব্যক্তিদের পরিচয় ও উদ্ধার করা অস্ত্রের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাত সাড়ে নয়টার দিকে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. কাওসার সিকদার অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লেদা নুরালীপাড়া পাহাড়ে জেলা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালানো হয়েছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাবাহিনীর এক সদস্য আহত হয়েছেন। অভিযানে অস্ত্র উদ্ধার ও কয়েকজনকে আটক করার পাশাপাশি মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরীও গোলাগুলি ও সেনাসদস্য আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে দুই শতাধিক মানুষকে আটকে রেখেছিল সন্ত্রাসীরা। তাঁদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। এতে পাহাড়সংলগ্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা নাছিমা আক্তার বলেন, বিকেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়েছে। পাহাড়ে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে শতাধিক মানুষকে আটকে রাখা হয়েছিল। অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ৫৭ জনের পরিচয় এবং তাঁদের কোথা থেকে উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।









