দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ২ লাখ ৫৩ হাজার ৯৪৫ শিক্ষকের পদ শূন্য: সংসদে শিক্ষামন্ত্রী

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি শূন্যপদ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। এ সময় মন্ত্রী শূন্যপদ পূরণে সরকারের পদক্ষেপের কথাও তুলে ধরেন।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। তবে এর আগে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলামের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের শূন্য পদের সংখ্যা ৩ হাজার ৪৮টি। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের শূন্য পদের সংখ্যা ৮৫ হাজার ৩৩৩টি। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের শূন্যপদ ১৪ হাজার ৬৯৭টি। মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকের শূন্য পদের সংখ্যা ১ লাখ ১ হাজার ৮৭৩টি।
ফরিদপুর-১ আসনের মো. ইলিয়াস মোল্লার প্রশ্নের জবাবে আ ন ম এহছানুল হক মিলন জানান, দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ১০ হাজার ২৪৭টি ও প্রধান শিক্ষকের ৩৮ হাজার ৭৪৭টি শূন্যপদ রয়েছে।
মো. ইলিয়াস মোল্লার অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে ৭৫ হাজার ৭৩৮টি শিক্ষকের শূন্যপদের চাহিদা পাওয়া গেছে। সংশ্লিষ্ট বিধিমালা ও পরিপত্র সংশোধনের মাধ্যমে শিগগির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধানের ১১ হাজার ১৫১টি পদ পূরণের কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।
কিশোরগঞ্জ-২ আসনের অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে শিক্ষাক্ষেত্রে শহর ও গ্রামের মধ্যে বৈষম্য রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষাব্যবস্থায় শিক্ষার সুযোগের ক্ষেত্রে শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে সুযোগ-সুবিধার কিছুটা অসমতা এখনো বিদ্যমান রয়েছে। শহরের তুলনায় গ্রামীণ অঞ্চলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভৌত অবকাঠামো, দক্ষ ও বিষয়ভিত্তিক শিক্ষকের পর্যাপ্ততা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। গ্রামের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও বৈষম্য নিরসনে সরকার নানামুখী ব্যবস্থা গ্রহণ করেছে বলে মন্ত্রী জানান।
কুমিল্লা-৪ আসনের আবুল হাসনাতের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতির হার ৮৮ দশমিক শূন্য ৪ শতাংশ ও ঝরে পড়ার হার ১৬ দশমিক ২৫ শতাংশ।
সংরক্ষিত আসনের শামছুন্নাহারের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আদালতে রিট পিটিশন নিষ্পত্তি হওয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদোন্নতিযোগ্য শূন্যপদ পূরণে কার্যক্রম শুরু হয়েছে। এ ছাড়া সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদ পূরণে পিএসসিতে চাহিদাপত্র দেওয়া হয়েছে। সহকারী শিক্ষকের শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়েছে। শূন্যপদ পূরণের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
সরকার দলের খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা বিভাগের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা সরকার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেয়ে থাকেন। প্রাথমিক শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়নে সরকারের কোনো সিদ্ধান্ত আপাতত নেই।
যশোর-১ আসনের মুহাম্মদ আজীজুর রহমানের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশে ৮ হাজার ২২৯টি এমপিওভুক্ত মাদ্রাসায় সংযুক্ত ইবতেদায়িতে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। এ ছাড়া অনুদানভুক্ত ও অনুদানবিহীন ৭ হাজার ৭৭টি ইবতেদায়িতে প্রায় ১০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে।









