Ajker Patrika

অবসরপ্রাপ্ত বিচারপতির পাসপোর্ট ভেরিফিকেশনে পাঠানো অযৌক্তিক: হাইকোর্ট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪০
অবসরপ্রাপ্ত বিচারপতির পাসপোর্ট ভেরিফিকেশনে পাঠানো অযৌক্তিক: হাইকোর্ট
ফাইল ছবি

অবসরের পর বিচারপতিদের সাধারণ পাসপোর্ট ইস্যুর আগে গোয়েন্দা সংস্থার ভেরিফিকেশনের মুখোমুখি করাকে সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন বলেছেন হাইকোর্ট। একই সঙ্গে সাবেক বিচারপতি ও তাঁদের স্বামী বা স্ত্রীর কোনো ধরনের অতিরিক্ত গোয়েন্দা ভেরিফিকেশন ছাড়াই সাধারণ পাসপোর্ট ইস্যু ও হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।

আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ ইমান আলীর পাসপোর্ট-সংক্রান্ত জটিলতা নিয়ে করা রিটের রায়ে এ পর্যবেক্ষণ দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায় প্রকাশ করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে ১৫ দিনের মধ্যে পাসপোর্ট দিতে বলা হয়েছে। হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলেন, বিচারক হিসেবে দায়িত্ব পালনের সময় রাষ্ট্র তাঁদের পরিচয় ও মর্যাদা যাচাই করেই কূটনৈতিক পাসপোর্ট দিয়ে থাকে। অবসরের পর সাধারণ পাসপোর্টের জন্য আবার ভেরিফিকেশনের মুখোমুখি করা অযৌক্তিক, ভিত্তিহীন এবং এখতিয়ার বহির্ভূত। এ ধরনের কার্যক্রম অপ্রয়োজনীয়ভাবে উচ্চ সাংবিধানিক পদে অধিষ্ঠিত সাবেক ব্যক্তিদের হয়রানির সম্মুখীন করে।

২০২৪ সালের ২২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক স্মারকে কূটনৈতিক পাসপোর্ট সমর্পণকারীদের সাধারণ পাসপোর্ট দেওয়ার আগে দুটি গোয়েন্দা সংস্থার সন্তোষজনক প্রতিবেদন নেওয়ার শর্ত দেওয়া হয়। বিচারপতি মোহাম্মদ ইমান আলী ২০২৪ সালের ৩ নভেম্বর কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের আবেদন করেন। কিন্তু গোয়েন্দা প্রতিবেদন না পাওয়ায় তাঁকে পাসপোর্ট দেওয়া হয়নি।

বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে পাসপোর্ট না দেওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের অনুমতিক্রমে হাইকোর্ট বিভাগের প্রোটোকল অফিসার মো. রোমান ভূঁইয়া রিট করেছিলেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে তখন রুল জারি করা হয়। রুল নিষ্পত্তি করে হাইকোর্ট এই নির্দেশনা দেন।

রিটের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন এবং ব্যারিস্টার মো মাহমুদুল হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত