Ajker Patrika

ভোট ঘিরে যত নিষেধাজ্ঞা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ভোট ঘিরে যত নিষেধাজ্ঞা
প্রতীকী ছবি

সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে বিভিন্ন পর্যায়ে কঠোর বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে জনসভা, মিছিল, শোভাযাত্রাসহ নির্বাচনী প্রচারের পাশাপাশি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান, যানবাহন চলাচল, ব্যাংক ও আর্থিক লেনদেন, ইমিগ্রেশন চেকপোস্ট, ড্রোন উড্ডয়ন, আতশবাজির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

ইসির আইন অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সব ধরনের জনসভা, মিছিল, শোভাযাত্রা ও প্রচারণা নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা ভোটের পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত বহাল থাকবে। এ ছাড়াও ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রার্থীর ক্যাম্প স্থাপন নিষিদ্ধ এবং ভোটারদের প্রভাবিত করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য বলে বলে জানিয়েছে ইসি।

বহিরাগতদের অবস্থান: ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করেছে কমিশন।

যানবাহন চলাচল: গণভোট ও নির্বাচন উপলক্ষে আজ বুধবার মধ্যরাত ১২টা থেকে সারা দেশে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। ভোট গ্রহণের দিন (বৃহস্পতিবার) মধ্যরাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। গতকাল দিবাগত রাত ১২টা থেকে ভোট গ্রহণের পরদিন শুক্রবার মধ্যরাত (১২টা) পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে ইসির স্টিকারযুক্ত মোটরসাইকেল চলাচলে বাধা নেই। অন্যদিকে ১১ ফেব্রুয়ারি দূরপাল্লার বাস চললেও ১২ ফেব্রুয়ারি সব বাস সার্ভিস বন্ধ থাকবে।

ব্যাংক ও এমএফএস: নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) সারা দেশে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এ ছাড়া গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে জানানো হয়েছে, নির্বিঘ্ন নির্বাচন নিশ্চিত করতে ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত দেশের সব স্থলবন্দরের বহিরাগমন-আগমন বন্ধ থাকবে।

আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে সাধারণভাবে ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে ভোটকক্ষের গোপন বুথ বা ব্যালট সিলের স্থানে মোবাইল ব্যবহার বা সঙ্গে রাখা যাবে না। এ ছাড়া ব্যালটের ছবি বা ভিডিও করাও সম্পূর্ণ নিষিদ্ধ। সাংবাদিকেরা কেন্দ্রের অন্যান্য কার্যক্রমের ছবি-ভিডিও করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত