Ajker Patrika

মন্ত্রিসভায় স্থান পাওয়ায় উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

  • প্রথমবার এমপি হয়েই মন্ত্রিত্ব পেয়েছেন সিলেটের দুজন।
  • ময়মনসিংহে প্রথমবার এমপি হয়ে প্রতিমন্ত্রী পদ পেয়েছেন দুজন।
আজকের পত্রিকা ডেস্ক­
মন্ত্রিসভায় স্থান পাওয়ায় উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ
ইকবাল হাসান মাহমুদ টুকু মন্ত্রী হওয়ায় কামারখন্দের ভদ্রঘাট বাজারে মিষ্টি বিতরণ। ছবি: আজকের পত্রিকা

বিএনপি সরকারের মন্ত্রিসভায় স্থান পাওয়ার খবরে কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রীর নিজ এলাকায় চলছে আনন্দের বন্যা। মিষ্টি বিতরণ করছেন তাঁদের নেতা-কর্মী ও সমর্থকেরা।

আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো খবর। প্রথমবার এমপি হয়েই মন্ত্রিত্ব পেয়েছেন সিলেটের দুজন। দুজনই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। তাঁরা হলেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র ও সিলেট-৪ আসন থেকে বিজয়ী আরিফুল হক চৌধুরী এবং সিলেট-১ আসনের খন্দকার আবদুল মুক্তাদীর। দুজনেই প্রথমবার এমপি নির্বাচিত হয়ে স্থান পেয়েছেন তারেক রহমানের মন্ত্রিসভায়। এ নিয়ে সিলেট বিএনপির উভয় বলয়ের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

আরিফুল হক চৌধুরী বলেন, ‘সবাইকে নিয়ে চলব। দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, এর প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই।’

খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, ‘সিলেটবাসী ও দেশবাসীর দোয়া চাইছি। দল যে আস্থা দেখিয়েছে, এর প্রতিদান যেন দিতে পারি। দল যে আস্থা দেখিয়েছে, তা যথাযথভাবে পালনের চেষ্টা করব। নিজের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার পরিচয় রাখব।’

যশোর-৩ আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তাঁর বাবা দলটির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামও জীবদ্দশায় এই আসনকেন্দ্রিক রাজনীতি করেছেন। বিএনপি জোট সরকারের আমলে মন্ত্রীও ছিলেন তিনি। এবার তাঁর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ছেলে অমিত হয়েছেন সংসদ সদস্য। এরপর তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে যুক্ত হচ্ছেন প্রতিমন্ত্রী হিসেবে।

গতকাল দুপুরের পর থেকে অমিতের প্রতিমন্ত্রী হওয়ার খবরে নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে বাঁধভাঙা উচ্ছ্বাস। আনন্দ-উল্লাসে বিতরণ করেন মিষ্টি। এ বিষয়ে অনিন্দ্য ইসলাম

অমিত বলেন, ‘যশোরবাসীকে সঙ্গে নিয়েই অবহেলিত যশোরকে নতুন করে গড়ব।’

ময়মনসিংহে প্রথমবার এমপি হয়ে একসঙ্গে দুজন প্রতিমন্ত্রী হওয়ায় আনন্দ-উল্লাসের ঝড় উঠেছে। ময়মনসিংহ-৩ গৌরীপুর আসন থেকে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন ও ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

ইকবাল হোসেন মন্ত্রিপরিষদে স্থান পাওয়ার খবরে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে দলীয় নেতা-কর্মী ও অনুসারীদের মধ্যে। এ সময় তাঁরা মিষ্টি বিতরণ করে নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।    

নতুন সরকারের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন পিরোজপুর-২ আসনের এমপি আহম্মদ সোহেল মনজুর সুমন। প্রতিমন্ত্রী হিসেবে তাঁর দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই পিরোজপুরের ভান্ডারিয়া, নেছারাবাদ, কাউখালীসহ জেলাজুড়ে দেখা দেয় আনন্দের জোয়ার। দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ মনে করছেন, তিনি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় পিরোজপুরের উন্নয়নে গতি আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত