
স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয় ব্যবহার করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কাছে বিভ্রান্তিকর তথ্য দিয়ে অর্থ দাবি করার অভিযোগে মো. শামিম ওসমান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রাজশাহীর বাঘা উপজেলার এই বাসিন্দাকে গতকাল সোমবার ঢাকার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে আজ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিআইডি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শামিম ওসমান (২৯) নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহীর ডিসির সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। হোয়াটসঅ্যাপ বার্তায় তিনি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে দাবি করেন, রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করা যাবে না এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। একই সঙ্গে তিনি ডিসির কাছে মাসিক কালেকশন-সংক্রান্ত বিষয়ে জানতে চান এবং দ্রুত তাঁর ব্যক্তিগত বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সিআইডিকে জানালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া শামিম ওসমানের বিরুদ্ধে এর আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি সরকারি বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা করেন। রাজশাহীর বাঘা থানায় তাঁর বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। শামিমের বিরুদ্ধে গতকাল আইনগত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট থানায় তাঁকে এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি না—তা খতিয়ে দেখতে সিআইডি কাজ করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আগামী ২০ মার্চ ঈদ ধরে এবার ১৪ মার্চ থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে এবার টানা ৭ দিনের ছুটির কারণে ১৭ মার্চের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন রেলওয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা।
৩ ঘণ্টা আগে
ফেব্রুয়ারি মাসে দেশে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত এবং ১১৮১ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৬৭ এবং আহত ১৩৭। মোট দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেলের হার ৩৩.৭০ শতাংশ।
১০ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের সংকট হওয়ার আশঙ্কা যানবাহনের মালিক ও চালকদের। তাই ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন তাঁরা। বাইকাররা চাচ্ছেন ট্যাংক ভর্তি করে জ্বালানি নিতে। এতে চাপ বেড়েছে ফিলিং স্টেশনগুলোতে। জ্বালানি না থাকায় কোনো কোনো ফিলিং স্টেশন এরই মধ্যে বন্ধ রাখা হয়েছে।
১০ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। আগামী রোববার (৮ মার্চ) ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হবে।
১৩ ঘণ্টা আগে