দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। ফলে আগামীকাল বুধবার এবারের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ঈদুল ফিতর উদ্যাপিত হবে আগামী বৃহস্পতিবার।
আজ মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ তথ্য জানানো হয়েছে।
সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বৃহস্পতিবার ঈদ উদ্যাপনের সিদ্ধান্ত হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে এ বৈঠক হয়।
সভায় ধর্মমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৫ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বুধবার (১০ এপ্রিল) রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
প্রতিবছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ঈদের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। ইমাম থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মুয়াজ্জিন ক্বারি মো. ইসহাক।
দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মুয়াজ্জিন (অব.) হাফেজ মো. আতাউর রহমান।
তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন আজিমপুর কবরস্থান মেয়র হানিফ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইমরান বিন নূরউদ্দীন। মুকাব্বির থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খাদেম মো. আবদুল হাদী।
চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মো. আবু ছালেহ পাটোয়ারী। মুকাব্বির থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খাদেম মো. জসিম উদ্দিন।
পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা পৌনে ১১টায়। ইমামতি করবেন মিরপুরের জামেয়া আরাবিয়া আশরাফিয়া ও এতিমখানার মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহীদুজ্জামান। মুকাব্বির থাকবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খাদেম মো. রুহুল আমিন।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আগামীকাল বুধবার ঈদুল ফিতর উদ্যাপিত হবে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের চাঁদপুরসহ কয়েকটি জায়গায় ঈদ উদ্যাপন করা হবে।
সাধারণত সৌদি আরবের এক দিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। এবার রমজানও শুরু হয়েছিল সৌদি আরবের এক দিন পরে। বাংলাদেশে ঈদ কবে হবে, সেটি ধারণা করা গেছে। কারণ, গতকাল সোমবার সৌদি আরবের আকাশেও চাঁদ দেখা যায়নি। দেশটিতে আজ রমজানের ৩০ দিন পূর্ণ হয়েছে।
সেই অনুযায়ী আগামীকাল বুধবার সৌদি আরবে ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, শাওয়াল মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মুসলিমদের সংযমের মাস হিসেবে চিহ্নিত রমজানের সমাপ্তি ঘটে। এ হিসাবে আজ চাঁদ দেখা না যাওয়ায় এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল শুরু হবে শাওয়াল মাস। আর শাওয়ালের প্রথম দিনই ঈদুল ফিতর উদ্যাপন করে মুসলিম সম্প্রদায়।
সাধারণত সৌদি আরবের সঙ্গে মিল রেখে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও ঈদ উদ্যাপিত হয়। তবে গত বছর সৌদি আরবের সঙ্গে কাতার, আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ একই দিনে ঈদুল ফিতর উদ্যাপন করলেও এক দিন পর ঈদ উদ্যাপন করেছিল ওমান।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মধ্যপ্রাচ্যের আকাশপথ পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে অনিশ্চয়তা থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে বাতিল হওয়া ফ্লাইটগুলো পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো।
২ ঘণ্টা আগে
জনগণের সরাসরি ভোট ছাড়া সংরক্ষিত আসনে বসার যৌক্তিকতা বা কোনো অর্থ নেই বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদের উপদেষ্টা ফরিদা আখতার। বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেছেন, ‘৫০টি সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচনের জন্য রাখেন।
১০ ঘণ্টা আগে
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনাপত্তিপত্র ছাড়াই অন্তত আট হাজারের বেশি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এসব লাইসেন্সের অধিকাংশই পেয়েছেন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং তাঁদের স্বজনেরা।
১০ ঘণ্টা আগে
অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করে মন্ত্রণালয়ে গিয়ে তদবির করছেন কিছু পুলিশ কর্মকর্তা। এ ধরনের তদবিরের কারণে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি দৈনন্দিন সরকারি কাজও ব্যাহত হচ্ছে।
১২ ঘণ্টা আগে