Ajker Patrika

জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে কীভাবে সংকটের অবসান হয়েছে, জানতে চায় সংসদীয় কমিটি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৩৮
জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে কীভাবে সংকটের অবসান হয়েছে, জানতে চায় সংসদীয় কমিটি
ছবি: আজকের পত্রিকা

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের জ্বালানি তেলের সরবরাহব্যবস্থায় কোনো পরিবর্তন না হলেও শুধু দাম বাড়ানোর পর কীভাবে দেশে জ্বালানিসংকটের অবসান হলো—বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় কমিটি।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ ব্যাখ্যা চাওয়া হয়।

এ সময় কমিটি জ্বালানি চাহিদা, জ্বালানি সংরক্ষণের সক্ষমতা ও ভবিষ্যৎ চাহিদা মোকাবিলায় প্রতিষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে পরবর্তী বৈঠকে কমিটিকে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য সুপারিশ করে।

বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জ্বালানিসংকট সৃষ্টির কারণ এবং জ্বালানি সরবরাহব‌্যবস্থা সংকটকালীন ও পরবর্তী সময়ে একই থাকার পরও শুধু জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে কীভাবে সংকটের অবসান হয়েছে, সে বিষয়ে বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

কমিটি জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করে।

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহমেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মো. মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ নাজিবুর রহমান।

বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব, বিপিসির কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়, মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত