Ajker Patrika

আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৪
আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ এই আদেশ দেন। আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচার-সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে—এমনটি দাবি করে ২ ও ১৩ সেপ্টেম্বর করা প্রেস ব্রিফিংয়ের কর্তৃত্ব চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছিল।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আইনজীবী জহিরুল ইসলাম মুসা আজকের পত্রিকাকে বলেন, অবকাশকালীন বেঞ্চ কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন। যেহেতু বিষয়টি নিয়ে দীর্ঘ সময় শুনানির প্রয়োজন রয়েছে। তাই অবকাশের পর নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দাখিল করবেন।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গত রোববার রিটটি করেছিলেন। ফৌজদারি বিচারব্যবস্থার স্বীকৃত নীতিমালা লঙ্ঘন করে বিচারাধীন বা তদন্তাধীন বা অনুসন্ধান সম্পর্কে প্রেস ব্রিফিং করা থেকে বিরত থাকতে নির্দেশনা চাওয়া হয় রিটে।

রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি হলে তা বিচারাধীন থাকাবস্থায় যেকোনো নাগরিকের বিরুদ্ধে কোনো ধরনের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রোপাগান্ডা বা কোনো মিডিয়া ট্রায়াল না করার জন্য নির্দেশনা চাওয়া হয় আবেদনে। এ ছাড়া প্রেস ব্রিফিং করে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার যে সুনাম ক্ষুণ্ন করা হয়েছে, একইভাবে প্রেস ব্রিফিং করে দুদক যেন তাদের ভুল স্বীকার করে ও আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে, সে মর্মে নির্দেশনা চাওয়া হয়।

আইনজীবী জহিরুল ইসলাম মুসা বলেন, দুদক ২ ও ১৩ সেপ্টেম্বর প্রেস ব্রিফিং করেছে। সেই প্রেস ব্রিফিংয়ে অনুসন্ধান ও তদন্ত শুরু হওয়ার সিদ্ধান্তকে তারা জানিয়ে দিয়েছে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গিয়েছে দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের। এই ব্রিফিংয়ের মাধ্যমে সংবিধানের ৩১ অনুচ্ছেদ, দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালা, ২০১১-এর লঙ্ঘন হয়েছে এবং তাঁর সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত