Ajker Patrika

মধ্যপ্রাচ্য থেকে ১৮৬ জনকে ফেরানো হয়েছে, রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিহত ৪: সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১৯: ১০
মধ্যপ্রাচ্য থেকে ১৮৬ জনকে ফেরানো হয়েছে, রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিহত ৪: সংসদে প্রবাসীকল্যাণমন্ত্রী
জাতীয় সংসদে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ইরান থেকে ১২ জন নারী, আট শিশুসহ ১৮৬ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। একই সঙ্গে তিনি জানিয়েছেন, রাশিয়ায় চাকরির চুক্তিতে গিয়ে জোরপূর্বক যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে চারজন মারা গেছেন। অন্য কর্মীদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সদস্যের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান তিনি। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশন অনুষ্ঠিত হয়।

যুদ্ধ পরিস্থিতিতে ইরান থেকে ফিরেছে ১৮৬ বাংলাদেশি

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে ইরান থেকে ১২ জন নারী, আট শিশুসহ মোট ১৮৬ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকেও প্রয়োজন অনুযায়ী প্রবাসী কর্মীদের ফিরিয়ে আনা হচ্ছে।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতে এ পর্যন্ত ১২ জন বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে সংশ্লিষ্ট দেশেই দাফন করা হয়েছে এবং নয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। নিহত ব্যক্তিদের প্রতি পরিবারের জন্য বিমানবন্দর থেকে দাফন বাবদ ৩৫ হাজার টাকা ও বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে লেবাননে পাঁচজন, সৌদি আরবে তিনজন, সংযুক্ত আরব আমিরাতে দুজন এবং ইরাক ও বাহরাইনে একজন করে মারা গেছেন।

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে চলছে আলোচনা

মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য নাজমুল হুদার প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে গত এপ্রিল মাসে দেশটির উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের পর জুলাই মাসে দেশটির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে। এতে দ্রুত বাংলাদেশি কর্মী পাঠানোর পথ সুগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিকল্প শ্রমবাজার সম্প্রসারণে উদ্যোগ

চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য আবদুল হান্নানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে সরকার মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর পাশাপাশি থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও জাপানে শ্রমবাজার সম্প্রসারণে কাজ করছে। তিনি জানান, থাইল্যান্ডের সঙ্গে কর্মী নিয়োগসংক্রান্ত চুক্তির চূড়ান্ত খসড়া দেশটির সরকারের কাছে পাঠানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসগুলোকে স্থানীয় চাহিদা যাচাই করে জনশক্তি রপ্তানি বাড়ানোর কর্মপরিকল্পনা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যে গেছেন ১ কোটি ৯ লাখের বেশি বাংলাদেশি

কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আবদুল গফুরের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী জানান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, ২০০৪ সাল থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য ১ কোটি ৯ লাখ ১৮ হাজার ৯ জন বাংলাদেশি গেছেন। তবে তাঁদের একটি বড় অংশ দেশে ফিরে এসেছে। ফেরত আসা কর্মীদের তথ্য না থাকায় বর্তমানে বিদেশে কর্মরত বাংলাদেশির সঠিক সংখ্যা জানানো সম্ভব নয়। এ তথ্য সংরক্ষণের জন্য পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সঙ্গে বিএমইটির সমঝোতা স্মারক সই হয়েছে বলেও জানান তিনি।

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিহত ৪ বাংলাদেশি

লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, চাকরির চুক্তিতে রাশিয়ায় যাওয়া ৩০ বাংলাদেশির মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি বলেন, গত ২৪ এপ্রিল তিনটি রিক্রুটিং এজেন্সি বিএমইটির অনুমোদন নিয়ে এসব কর্মীকে রাশিয়ায় পাঠায়। সেখানে পৌঁছানোর পর তাঁদের জোরপূর্বক যুদ্ধের প্রস্তুতি নিতে বাধ্য করা হচ্ছে এবং যুদ্ধক্ষেত্রে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে—এমন তথ্য পাওয়ার পর সরকার ব্যবস্থা নেয়। এ ঘটনায় গত ১৫ জুন মস্কোয় বাংলাদেশ দূতাবাসকে বিপদগ্রস্ত কর্মীদের উদ্ধার করে দেশে ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সরকার কৃষকদের কাছ থেকে ভুট্টা কেনে না

গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারী বলেন, সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ও গম সংগ্রহ করলেও ভুট্টা কেনে না। তিনি জানান, চলতি মৌসুমে পাঁচ লাখ টন ধান ও ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ৫ জুলাই পর্যন্ত ২ লাখ ৯২ হাজার ৯১০ টন ধান, ৭ লাখ ৯৭ হাজার ৫৭৮ টন সিদ্ধ চাল, ৫৭ হাজার ৯৯ টন আতপ চাল ও ৫২৩ টন গম সংগ্রহ করা হয়েছে। সংগ্রহ কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

নিরাপদ খাদ্য নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে খাদ্য প্রতিমন্ত্রী বলেন, অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে বিশ্বব্যাপী বিপুলসংখ্যক মানুষ খাদ্যবাহিত রোগে আক্রান্ত হন এবং উল্লেখযোগ্যসংখ্যক মানুষের মৃত্যু ঘটে। বাংলাদেশও এ ঝুঁকির বাইরে নয়। তাই নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

পাঁচ বছরে বন্যা-ঘূর্ণিঝড়ে নিহত ২৪৯, ক্ষতি ৪১ হাজার ২০০ কোটি টাকা

সংরক্ষিত নারী আসনে জামায়াতের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বন্যা ও ঘূর্ণিঝড়ে ২৪৯ জন নিহত হয়েছে। এ সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৫৩২ জন এবং আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪১ হাজার ২০০ কোটি ৯০ লাখ ৪২ হাজার ১৯৯ টাকায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত