Ajker Patrika

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ, সমাবর্তনসহ আলোচনা হলো যেসব বিষয়ে

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১৬: ৫৬
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ, সমাবর্তনসহ আলোচনা হলো যেসব বিষয়ে
প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক, সিন্ডিকেট সদস্য ও মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ২০ বছর মেয়াদি একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ ছাড়া শিক্ষা ও গবেষণা কার্যক্রম, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার, বিশ্বের বিভিন্ন খ্যাতিমান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম, অ্যালামনাই নেটওয়ার্কিং এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপের বিষয়েও আলোচনা হয়।

এ সময় মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদানের বিষয়ে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন উপাচার্য।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল বৃদ্ধি, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক উন্নয়ন, অ্যালামনাই নেটওয়ার্কিং জোরদার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, তৃতীয় ভাষা, জীববিজ্ঞান, জীবপ্রযুক্তি ও রোবোটিকস বিষয়ে শিক্ষা ও গবেষণার উন্নয়নে সহযোগিতা চান তিনি। বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ তৈরির বিষয়েও প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন উপাচার্য।

শিক্ষার্থীদের সৃজনশীলতা, নৈতিকতা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে আবাসিক হল, বিভাগ ও ইনস্টিটিউটে সহশিক্ষামূলক কার্যক্রম আরও জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন উপাচার্য।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদান এবং শিক্ষা ও গবেষণার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আন্তর্জাতিক র‌্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে সম্মানজনক অবস্থানে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অ্যালামনাইদের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে উপাচার্য আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সম্ভাব্য সমাবর্তনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে সমাবর্তনে যোগ দেওয়ার সম্মতি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত