
কথাসাহিত্যিক ও লেখক আহমদ ছফার মৃত্যুর প্রায় ২৫ বছর পর তাঁর কবর স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এ বিষয়ে সম্মতিও জানিয়েছে, কিন্তু ঢাকা জেলা প্রশাসনের নীরবতায় আটকে আছে স্থানান্তরপ্রক্রিয়া।
লেখকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০১ সালের ২৮ জুলাই আহমদ ছফার মৃত্যুর পর মিরপুরের সরকারি কবরস্থানে তাঁকে কবর দেওয়া হয়েছিল। তাঁর কবর নম্বর ১০৮০। তখন বুদ্ধিজীবী কবরস্থানে কবর দেওয়ার জন্য আবেদন জানানো হলেও তৎকালীন সিটি করপোরেশনের কর্মকর্তারা সাড়া দেননি।
এরপর গত জানুয়ারিতে কবর স্থানান্তরের বিষয়ে ডিএনসিসিতে লিখিত আবেদন করেন আহমদ ছফার ভাতিজা সাহিত্যিক নূরুল আনোয়ার। আবেদনপত্রে লেখা হয়, ‘বাংলাদেশের শিল্প, সাহিত্য, রাজনীতি ও সমাজসেবা—প্রতিটি ক্ষেত্রে মনস্বী লেখক আহমদ ছফার অবদান রয়েছে। কিন্তু আহমদ ছফাকে এ পর্যন্ত সেভাবে মূল্যায়ন করা হয়নি। উপযুক্ত সম্মান প্রদর্শনের জন্য তাঁর কবরটি সাধারণ কবরস্থান থেকে সরিয়ে বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর করা প্রয়োজন।’
নূরুল আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘মারা যাওয়ার সময় বুদ্ধিজীবী কবরস্থানে কবর দেওয়ার আবেদন জানিয়েছিলাম। তখন সিটি করপোরেশন থেকে জায়গা না দিয়ে আহমদ ছফাকে অসম্মান করা হয়েছিল। পরে সাধারণ কবরস্থানে কবর দেওয়া হয়েছিল, যা ৯৯ বছর পর ভেঙে ফেলা হবে।’ তিনি আরও বলেন, ‘বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ স্থানান্তর করলে গুরুত্ব বেড়ে যাবে, এমনটা নয়। তবে স্থায়ীভাবে তাঁর স্মৃতিটুকু রক্ষা পাবে।’
আবেদন ছয় মাস আগে করা হলেও সিটি করপোরেশন কবর হস্তান্তরের কার্যক্রম এখনো শুরু করেনি বলে জানান নূরুল আনোয়ার।
এরপর গত ১৩ এপ্রিল ডিএনসিসির ১৪তম সভায় আহমদ ছফার মরদেহ মিরপুর কবরস্থানের সাধারণ লেন থেকে সরিয়ে বুদ্ধিজীবীতে স্থানান্তর করার বিষয়ে সিদ্ধান্ত হয়। তবে সিদ্ধান্ত নেওয়ার দুই মাস পেরিয়ে গেলেও কোনো দৃশ্যমান কার্যক্রম শুরু হয়নি।
জানতে চাইলে ডিএনসিসির প্রধান সমাজকল্যাণ কর্মকর্তা মোহাম্মদ মামুন-উল-হাসান বলেন, ‘কবর স্থানান্তরের সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। এখন ঢাকা জেলা প্রশাসকের ছাড়পত্র প্রয়োজন। আমরা চিঠি দিয়েছি, জেলা প্রশাসন কার্যালয় থেকে এখনো কোনো উত্তর আসেনি।’
এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সাধারণ শাখার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা মো. তাওসীফ শরীফ স্নিগ্ধ আজ বুধবার বলেন, ‘কবর স্থানান্তরের ছাড়পত্র নিয়ে কাজ করে ডিসি অফিসের সাধারণ শাখা ও বিচার শাখা। কাল (আগামীকাল বৃহস্পতিবার) অফিসে গিয়ে ফাইলের আপডেট (হালনাগাদ তথ্য) জানাতে পারব।’
আহমদ ছফার ভাবশিষ্য বুদ্ধিজীবী সলিমুল্লাহ খান গতকাল মঙ্গলবার রাতে বলেন, আমলাদের অদক্ষতার কারণে কবর স্থানান্তরে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, ‘স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কবর হস্তান্তরের বিষয়ে সিটি করপোরেশনে কল করেছিলেন। তবুও বিলম্ব হচ্ছে। আমরা এখন উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছি।’ ৩০ জুন আহমদ ছফার জন্মদিন ও ২৮ জুলাই তাঁর মৃত্যুবার্ষিকী। এই সময়ের মধ্যে তাঁর কবর স্থানান্তরের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সলিমুল্লাহ খান।

মন্ত্রণালয় জানায়, বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য এর আগে বিভিন্ন সময়ে আবেদন গ্রহণ এবং যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আবেদনকারীদের মুক্তিযুদ্ধকালীন ভূমিকা, সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য যাচাই-বাছাই করে নির্ধারিত প্রক্রিয়ায় গেজেটভুক্তির বিষয়টি নিষ্পত্তি করা হয়।
৩ ঘণ্টা আগে
কোম্পানিগুলো দেশে এলপি গ্যাসের পর্যাপ্ত মজুতের কথা বলার পর বাজারে সংকট আরও তীব্র হয়েছে। সুযোগসন্ধানী ব্যবসায়ীরা মানুষের প্রয়োজনকে কাজে লাগিয়ে দাম বাড়িয়ে চলেছেন। বাজারে তদারকি না থাকায় তাঁরা ১২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম এক সপ্তাহের ব্যবধানে আদায় করছেন ২ হাজার ৬০০ টাকা।
১৫ ঘণ্টা আগে
আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম। এই কূটনৈতিক মিশন চালুর মাধ্যমে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এক নতুন মাইলফলক উন্মোচিত হলো...
১৮ ঘণ্টা আগে
ফাউন্ডেশন আহমদ রফিকের সংগৃহীত বই, বিভিন্ন সাময়িকী, স্মারক প্রভৃতি নিয়ে একটি বেসরকারি সংস্থার কার্যালয়কে অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করছে। একজন ভাষাসংগ্রামীর সংগৃহীত বইপুস্তক, ব্যবহার্য, নামাঙ্কিত প্রতিটি সামগ্রীই মহামূল্যবান। অমূল্য সম্পদ হিসেবে ফাউন্ডেশন সেগুলো আগলে রাখার চেষ্টা করছে।
২০ ঘণ্টা আগে