
দুর্নীতি দমন কমিশনকে রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্ত রেখে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ৪৭টি সুপারিশ করেছিল অন্তর্বর্তী সরকারের গঠিত দুদক সংস্কার কমিশন। সেই সরকারের জারি করা দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করে বর্তমান সরকার দুদক আইন সংশোধনে নতুন যে খসড়া করেছে, সেখানে সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো আমলে নেওয়া হয়নি।
দুদকের স্বাধীনতার পাশাপাশি জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে সংস্কার কমিশনের যে সুপারিশগুলোতে সব রাজনৈতিক দল একমত হয়েছে, আইনের খসড়ায় সেসব বিষয় বিবেচনায় না নেওয়াকে হতাশাজনক মনে করছেন দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বাধীন দুদক সংস্কার কমিশন ২০২৫ সালের ১৫ জানুয়ারি সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। সেখানে দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া, নিয়োগপ্রক্রিয়ায় পরিবর্তন আনা, আর্থিক ও প্রশাসনিক স্বাধীনতা বৃদ্ধি, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত করা, কালোটাকা সাদা করার সুযোগ বন্ধ করা, উচ্চপর্যায়ের দুর্নীতি তদন্তে বিশেষ ব্যবস্থাসহ ৪৭টি সুপারিশ করা হয়।
সংস্কার কমিশন দুদক কমিশনের সদস্য তিন থেকে বাড়িয়ে পাঁচজন করার প্রস্তাব করেছিল। একই সঙ্গে কমিশনে আবশ্যিকভাবে নারী সদস্য ও তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ রাখার প্রস্তাব রাখা হয়েছিল। এ ছাড়া কমিশন দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার সুপারিশ করে। সংশোধিত আইনের খসড়ায় এগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।
সংস্কার কমিশন দুদকের কমিশনার পদে আইন, শিক্ষা, প্রশাসন, বিচার, শৃঙ্খলা বাহিনী, আর্থিক প্রতিষ্ঠান, হিসাব ও নিরীক্ষা পেশা কিংবা সুশাসন ও দুর্নীতিবিরোধী কার্যক্রমে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা আছে, এমন ব্যক্তিদের নিয়োগের সুপারিশ করেছিল। খসড়ায় এ বিষয়ে কিছু বলা নেই।
দুদক আইনে কমিশনের নিজস্ব প্রসিকিউশন ইউনিট থাকার বাধ্যবাধকতা থাকলেও গত দুই দশকে তা হয়নি। সংস্কার কমিশন প্রাথমিকভাবে ১০-২০ শতাংশ হারে নিজস্ব কর্মকর্তা নিয়োগের মাধ্যমে নিজস্ব প্রসিকিউশন গঠনের সুপারিশ করে ধাপে ধাপে প্রতিবছর ১০ শতাংশ নিয়োগ বাড়ানোর কথা বলেছিল। কিন্তু সংশোধিত খসড়ায় নিজস্ব প্রসিকিউশন গঠনে কোনো প্রস্তাব নেই।
দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালার ৫৪(২) বিধিতে বলা আছে, উপযুক্ত কর্তৃপক্ষ কারণ দর্শানোর নোটিশ ছাড়াই দুদকের কোনো কর্মচারীকে ৯০ দিনের নোটিশ দিয়ে অথবা ৯০ দিনের বেতন পরিশোধ করে চাকরি থেকে অপসারণ করতে পারবে। সংস্কার কমিশন এই বিধি বাতিলের সুপারিশ করলেও খসড়ায় এ বিষয়ে কিছু বলা নেই।
নতুন খসড়ায় সংস্কার কমিশনের একটি পরামর্শের সঙ্গে মিল রেখে দুর্নীতি দমন কমিশন আইনের ৩২ক ধারা বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে। এই ধারায় জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মচারীর বিরুদ্ধে মামলা করতে হলে দুদককে আবশ্যিকভাবে আগে সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হয়।
জাতীয় রাজস্ব বোর্ড, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিএফআইইউ, নিবন্ধন অধিদপ্তর থেকে দুদককে প্রয়োজনীয় তথ্য দেওয়ার সুপারিশ করেছিল সংস্কার কমিশন। তবে সংশোধিত আইনের খসড়ায় এসব প্রতিষ্ঠান থেকে যথাযথ কর্তৃপক্ষের আদেশে দুদককে তথ্য সরবরাহ ও সহযোগিতা করার বিষয়ে প্রস্তাব করা হয়েছে।
২০০৪ সালের দুদক আইনে কমিশন গঠনের জন্য ‘সার্চ কমিটি’ করার বিধান আছে। আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশে ‘বাছাই ও পর্যালোচনা কমিটি’ গঠনের বিধান করা হয়। এই কমিটিতে অন্য সদস্যদের সঙ্গে সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার মনোনীত একজন করে প্রতিনিধি রাখার কথা বলা হয়েছিল। নতুন খসড়ায় এ বিষয়ে কিছু বলা হয়নি।
আমলাতান্ত্রিক প্রভাব কমাতে সংস্কার কমিশন উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় দুদকের সচিব নিয়োগের সুপারিশ করেছিল। একই সঙ্গে যেকোনো সরকারি কর্মকর্তার ছুটি নিয়ে দুদকে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার সুযোগ রাখার সুপারিশ করেছিল মিশন। কিন্তু খসড়ায় এ বিষয়ে কোনো পরিবর্তনের প্রস্তাব করা হয়নি। নতুন সংশোধনী প্রস্তাবে দুদক সচিবের ক্ষমতা আরও বাড়ানোর প্রস্তাব করে একটি উপধারা যুক্ত করা হয়। সেখানে বলা হয়েছে, কোনো কারণে কমিশনে শূন্যতা দেখা দিলে বিশেষ প্রয়োজনে কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে কমিশন সচিব মহাপরিচালকদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন।
সচিবের ক্ষমতা বাড়ানোর প্রস্তাবকে আপত্তিকর ও অগ্রহণযোগ্য বলে মনে করছেন দুদকের সাবেক মহাপরিচালক (লিগ্যাল) মঈদুল ইসলাম। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘এই প্রস্তাবে কমিশনকে দীর্ঘদিন শূন্য রাখার ব্যবস্থা করা হচ্ছে এবং দুদক সচিবকে কমিশনের সব কাজ করার ক্ষমতা দেওয়া হচ্ছে। এটা হলে স্বাধীন, স্বশাসিত ও নিরপেক্ষ কমিশন হিসেবে দুদকের অস্তিত্ব বিপন্ন হবে।’
এ বিষয়ে দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আইনের খসড়ায় দুদকের কার্যক্রম পরিচালনায় কর্মী পর্যায়ে গতি আনতে সহায়ক কিছু ইতিবাচক বিষয় রয়েছে, যা বিবেচনার দাবি রাখে। তবে কমিশনহীন অবস্থায় এখন যাঁরা দুদকের নেতৃত্বে আছেন, তাঁদের কাছে আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত, বাস্তবে স্বাধীন, কার্যকর ও জবাবদিহিমূলক কমিশন নিয়ে সুপারিশ আশা করার কোনো যুক্তি নেই; বরং আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের অধিকতর আইনি কাঠামো প্রতিষ্ঠার প্রয়াস দৃশ্যমান। এ জন্যই কমিশনহীন বর্তমান অবস্থার সুযোগে সচিবের হাতে কমিশনের নির্বাহী ক্ষমতা অর্পণের সুপারিশ করা হয়েছে।’
ইফতেখারুজ্জামান বলেন, পুরো কমিশনের যৌথ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে এখন এককভাবে সচিবের হাতে অর্পণের সুপারিশ সম্পূর্ণ অযৌক্তিক ও ভয়াবহ ঝুঁকিপূর্ণ। এই প্রস্তাব গৃহীত হলে শুধু কমিশনহীন অবস্থায় নয়, বরং কমিশন থাকাকালীন আমলাতান্ত্রিক কর্তৃত্বের অধিকতর ক্ষমতায়ন হবে এবং কমিশনের ক্ষমতা আরও খর্ব হবে। অন্যদিকে দুদকের সর্বোচ্চ স্বাধীনতার পাশাপাশি জবাবদিহি নিশ্চিতের লক্ষ্যে সংস্কার কমিশনের মৌলিক কৌশলগত যেসব সুপারিশে সব রাজনৈতিক দল সম্পূর্ণ একমত হয়েছে, সেসব গুরুত্বপূর্ণ বিষয়েও খসড়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিবেচনায় নেওয়া হয়নি, যা হতাশাজনক।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একজন গৃহকর্মী বিধবা নারী ৯৯৯ নম্বরে কল দিয়ে অভিযোগ করে জানান, তাঁর ১৩ বছরের শিশুকন্যা উপজেলায় তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। গত সোমবার বাড়ি ফেরার কথা। কিন্তু সারা রাত গড়িয়েও না ফেরায় তিনি চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন।
৪ ঘণ্টা আগে
সংসদকক্ষের ওই চেয়ারগুলোর পিন খোলা থাকায় এমপিদের হাত কেটে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারদলীয় সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক। আজ বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জয়নাল আবদিন ফারুক এ কথা বলেন...
৫ ঘণ্টা আগে
সিলেট নগরের সওদাগরটুলায় নিজ বাড়ির শোয়ার ঘর থেকে ২০১৫ সালের ১৮ মে ইব্রাহিম আবু খলিলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি তাবলিগ জামাতের ধোপাদিঘিরপাড় আঞ্চলিক শাখার মুরব্বি (আমির) ছিলেন। ঘটনার পর খলিলের স্ত্রী ফাতিহাকে আটক করা হয়। ঘটনার পরদিন মামলা করে পুলিশ।
৬ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে ২১ জুন মালয়েশিয়া যাবেন। দেশটিতে দুদিনের সফর শেষে তিনি সেখান থেকেই চীনে পৌঁছাবেন। চীনে চার দিনের সফরে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে