
ঢাকা-গাজীপুর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞদের মতামত শুনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রকল্পটির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আজ রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন—সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বুয়েটের অধ্যাপক মো. শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকে অংশ নেওয়া সংশ্লিষ্ট এক কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, প্রকল্পটি পুরোপুরি বাতিল করার বিষয়ে সরকার এখন আর আগের অবস্থানে নেই। ইতিমধ্যে হওয়া বড় অঙ্কের বিনিয়োগ বিবেচনায় নিয়ে সরকার বিকল্প পথ খুঁজছে এবং বিষয়টি পুনর্বিবেচনা করছে।
তিনি বলেন, ‘বৈঠকে প্রকল্পের বিকল্প প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে। এ বিষয়ে আরও বিস্তারিত প্রেজেন্টেশন ও তথ্য দিতে বলা হয়েছে। সেগুলো পর্যালোচনা করে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।’ তিনি জানান, বিষয়টি এখনো আলোচনা ও পর্যালোচনার পর্যায়ে রয়েছে, এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে বুয়েটের চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল প্রকল্পটি সম্পর্কে মতামত দেয়। অধ্যাপক শামসুল হকের নেতৃত্বাধীন দলটি গত মে মাসে মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দেয়।
প্রতিবেদনে বলা হয়, বিআরটি প্রকল্প দেশের অবকাঠামো পরিকল্পনা ও বাস্তবায়নে ‘সিস্টেমেটিক ব্যর্থতার’ উদাহরণ। যথাযথ কারিগরি যাচাই, দক্ষ জনবল ও জবাবদিহির অভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনার ত্রুটি, নকশাগত দুর্বলতা, সমন্বয়হীনতা এবং জবাবদিহির ঘাটতির কথাও উল্লেখ করা হয়। বিশেষজ্ঞ দল বিআরটি কার্যক্রম বাতিল করে বিদ্যমান অবকাঠামোকে উন্নত মহাসড়ক হিসেবে ব্যবহারের সুপারিশ করেছিল।
ওই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৮ মে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) বিআরটি প্রকল্পটি না ভেঙে দ্রুত চালুর আহ্বান জানায়। তাঁদের মতে, অবকাঠামোগত কাজ প্রায় শেষ হলেও দীর্ঘ ১৪ বছরেও প্রকল্পটি চালু না হওয়া দেশের নগর-পরিকল্পনা ও পরিবহন ব্যবস্থাপনার বড় ব্যর্থতার উদাহরণ।
প্রসঙ্গত, ২০১২ সালের ডিসেম্বরে আওয়ামী লীগ সরকারের সময়ে শুরু হওয়া ২০ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ বিআরটি প্রকল্পের লক্ষ্য ছিল দ্রুত, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা। শুরুতে প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৪০ কোটি টাকা, যা পরে বেড়ে ৪ হাজার ২৬৮ কোটি টাকায় পৌঁছায়। এখন পর্যন্ত প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। বর্তমানে করিডোরটিতে সাধারণ যানবাহন চলাচল করছে।

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১ ঘণ্টা আগে
সারা দেশে স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপনের বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে নওগাঁ-৪ আসনের ইকরামুল বারী টিপুর প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
২ ঘণ্টা আগে
বেনজীর আহমেদকে কীভাবে দেশে ফেরানো হবে, তা নিয়ে আলোচনা চলছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, বন্দী প্রত্যর্পণ চুক্তি না থাকলেও ইন্টারপোলের মাধ্যমে ও দ্বিপক্ষীয় কূটনৈতিক তৎপরতা চালিয়ে কোনো আসামিকে ফিরিয়ে আনা সম্ভব।
২ ঘণ্টা আগে