Ajker Patrika

এই সময়ে আমাদের আধুনিক চলচ্চিত্র নির্মাণ করতে হবে: তথ্যমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
এই সময়ে আমাদের আধুনিক চলচ্চিত্র নির্মাণ করতে হবে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ফাইল ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, এ পর্যন্ত সভ্যতার জগতে চলচ্চিত্রের চাইতে কোনো প্রভাবশালী মাধ্যম আসেনি। রাষ্ট্র, সমাজ, রাজনীতি, ব্যক্তি, গোষ্ঠী আমরা যারাই সমাজকে ভালোর দিকে ধাবিত করতে চাই তাদের জন্য চলচ্চিত্র হচ্ছে সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আব্দুল জব্বার খান তাঁর সময়ের আধুনিক চলচ্চিত্র নির্মাণের দায়িত্ব পালন করেছেন। সেই পথ ধরে আমাদের এই সময়ে আধুনিক চলচ্চিত্র নির্মাণ করতে হবে।

প্রথম বাংলা সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ-এর ৭০ বছর পূর্তি উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্মকে গুরুত্ব দিয়ে ডিজিটাল চলচ্চিত্র নির্মাণ ও বিপণনে ডিজিটাল প্ল্যাটফর্মকে গুরুত্ব সহকারে নেওয়ার আহ্বান জানান। আজ সোমবার বাংলাদেশ ফিল্ম আর্কাইভে এই আলোচনা সভা ও ছবির পরিচালক আব্দুল জব্বার খানের জীবন ও কর্মের ওপরে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘মুখ ও মুখোশ যখন তৈরি হয়েছে তখন চলচ্চিত্র নির্মাণ করাটাই ছিল একটা বিরাট স্পার্ক। একটা বিরাট আধুনিকতা। আজকে একটু আশপাশে তাকালে আমরা বুঝতে পারব যে, এখন সম্পূর্ণ এক নতুন চাহিদা তৈরি হয়েছে। নতুন দর্শক তৈরি হয়েছে, নতুন প্রজন্ম তৈরি হয়েছে, নতুন রুচি তৈরি হয়েছে এবং এই পরিসরটা অনেক বর্ধিত।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের এই পরিবর্তনের মাধ্যমটা বুঝতে হবে এবং এর গতিটা বুঝতে হবে। আমি যখনই ওভার দা টপ (ওটিটি) প্ল্যাটফর্মের জন্য উপযোগী করে নির্মাতা তৈরি করব, এর জন্য কাহিনি তৈরি করব এবং এখানকার দর্শকদের মনোজগৎকে আমি বুঝতে পারব, তখন সেই অনুযায়ী আমি কাহিনি তৈরি করতে পারব। আমি মনে করি না যে, প্রতিভার খুব একটা ঘাটতি আছে। সমস্যা হয়ে গিয়েছে যে, গত ২৫ বছরে প্রযুক্তি এবং যোগাযোগ প্রযুক্তি এমন একটা লাফ দিয়েছে এটার সঙ্গে আমরা তাল মেলাতে পারিনি।’

মন্ত্রী আয়োজনে আব্দুল জব্বার খানের নামে সড়ক এবং তাঁকে কীভাবে চলচ্চিত্র অঙ্গনে সম্মানিত করা যায় সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

আয়োজনে আরও বক্তব্য রাখেন অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ম. জাভেদ ইকবাল, সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুর রহমান, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি, আব্দুল জব্বার খানের ছেলে নওশের হায়াত খান, মীর শামসুল আলম বাবু প্রমুখ।

আব্দুল জব্বার খান স্মৃতি সংসদের আয়োজনে অনুষ্ঠানে মীর শামসুল আলম বাবু সম্পাদনায় আব্দুল জব্বার খানের আত্মকথা ‘আমি আব্দুল জব্বার খান বলছি’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। আয়োজনে আব্দুল জব্বার খানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত