Ajker Patrika

নাগরিকের ঠিকানা সংরক্ষণ ও ইন্টারনেট ব্যয় কমাতে পরিকল্পনা সংসদীয় কমিটির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৫৯
নাগরিকের ঠিকানা সংরক্ষণ ও ইন্টারনেট ব্যয় কমাতে পরিকল্পনা সংসদীয় কমিটির
ফাইল ছবি

ডাক বিভাগের ডেটাবেইসে দেশের সব নাগরিকের ঠিকানা সংরক্ষণ, ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণ এবং ইন্টারনেট সেবার ব্যয় কমানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। কমিটি সাইবার নিরাপত্তা জোরদার, শিশু-কিশোর ও শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত এবং টেলিটকের সেবার মান বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডাক ও টেলিযোগাযোগ খাতের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন, ডেটা তরঙ্গ, টেলিযোগাযোগশিল্প, পার্সেল সার্ভিস এবং ওয়াই-ফাই সেবার চলমান কার্যক্রম তুলে ধরা হয়।

বৈঠকে বিমানবন্দরগুলোতে ওয়াই-ফাই সেবা চালু, ভূমিসেবার মানোন্নয়ন, ইন্টারনেট সেবার ব্যয় কমানো, বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অব্যবহৃত সম্পদ কার্যকরভাবে কাজে লাগানো ও ডাক বিভাগের পার্সেল সেবার পরিমাণ বাড়ানোর পরিকল্পনাও উপস্থাপন করা হয়।

সংসদীয় কমিটি ডাক বিভাগের ডেটাবেইসে সব নাগরিকের ঠিকানা সংরক্ষণ, ব্রডব্যান্ড অবকাঠামো সম্প্রসারণ এবং নির্ভরযোগ্য ও সাশ্রয়ী ইন্টারনেট সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেয়।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তাসক্ষম বাংলাদেশ গঠন, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার ও কল সেন্টারের মাধ্যমে গ্রাহকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির কার্যক্রম আরও গতিশীল করার ওপর জোর দেওয়া হয়।

সাইবার নিরাপত্তা নিশ্চিত এবং দেশের শিশু-কিশোর ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে চলমান প্রকল্পগুলো আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।

নতুন প্রজন্মকে দক্ষ করে তোলা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির বহুমুখী ব্যবহার নিশ্চিত এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সহায়তা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি। টেলিটকের সেবার মান বাড়ানোর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়ার সুপারিশও করা হয়।

কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও মন্ত্রী ফকির মাহবুব আনাম, মো. আবুল খায়ের ভূঁইয়া, মো. তমিজ উদ্দিন, মো. মোবাশ্বের আলম ভূঁইয়া, মানসুরা আক্তার, মো. কেরামত আলী এবং সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত