Ajker Patrika

জুলাই অভ্যুত্থানে গুলিতে আহত হোসেনের পাশে প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১৫: ৫৬
জুলাই অভ্যুত্থানে গুলিতে আহত হোসেনের পাশে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহত মো. হোসেন আলীর কাছে চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা পৌঁছে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত মো. হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তা করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল গাজীপুরে গিয়ে এই সহায়তা পৌঁছে দেয়।

আজ শুক্রবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরের ছুড়িচালা এলাকায় আহত হোসেন আলীর সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটির সদস্যসচিব মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। এ সময় সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলের সদস্যরা হোসেন আলীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন। পাশাপাশি স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে নতুন করে একটি চায়ের দোকান চালু করতে তারেক রহমানের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তাও তুলে দেওয়া হয়।

এ সময় মোকছেদুল মোমিন মিথুন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সারা দেশে আমরা বিএনপি পরিবার এই ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় আহত হোসেন আলীকে চিকিৎসা সহায়তার পাশাপাশি ব্যবসায়িক সহায়তা দেওয়া হয়েছে।

চিকিৎসা সহায়তা পেয়ে হোসেন আলী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সদস্য মমতাজ উদ্দিন রেনু, আমরা বিএনপি পরিবারের সদস্য মাসুদ রানা লিটন ও মুস্তাকিম বিল্লাহ, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু হানিফ, এমট্যাবের সহসভাপতি শহীদুল আমিন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ স্থানীয় নেতারা।

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় হোসেন আলী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে চিকিৎসা ও পুনর্বাসনের আবেদন জানিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত