নিবন্ধিত পোর্টাল ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা

নিবন্ধিত পোর্টাল ছাড়া সাংবাদিকতা করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ রোববার দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভা ও তথ্য মেলায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এ মেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠান শেষে মোজো বা মোবাইল জার্নালিজম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার সাংবাদিকতা সহজ করতে চায়। তবে যে কেউ চাইলেই অনলাইন পোর্টাল খুলতে পারবেন না। পোর্টাল পরিচালনার জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হবে। নিবন্ধিত ছাড়া কেউ সাংবাদিকতা করতে পারবেন না।
তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় অবাধ তথ্যপ্রবাহ ও নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা জরুরি। জনগণই সব ক্ষমতার উৎস এবং ভোটের মাধ্যমে সরকার ক্ষমতায় আসে। আবার ক্ষমতায় আসতে হলে জনগণের তথ্য অধিকার নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। তথ্য অধিকার আইনের ব্যবহার সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তরুণ শিক্ষার্থীদের দূত হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি) দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, তাঁর দেশে ফেরার কোনো সুযোগ নেই। তিনি কোনো দিন দেশে আসতে পারবেন না। আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) এখন শুধু ফেসবুকে আছে, অন্য কোথাও নেই। ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হয়ে দলটির দেশে অবস্থানরত ও পলাতক নন এমন নেতা–কর্মীদের বিপদে ফেলছেন তিনি। দলটির নেতা–কর্মীরা আগুন-সন্ত্রাস করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারের জন্য খুঁজছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও মোহাম্মদ আবুল হোসেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকরাও অংশ নেন।










