
করোনা মহামারির সময় চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী এবং বিভিন্ন সেবা কেনাকাটায় অনিয়মের মাধ্যমে প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয়টি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান কমিশনের সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান।
দুদক সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন ‘কোভিড-১৯ ইমারজেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি)’ প্রকল্পের ছয়টি প্যাকেজে এসব অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পৃথক ছয়টি অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনা করে মামলার অনুমোদন দেয় কমিশন।
ছয় মামলায় আসামিদের মধ্যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ছাড়াও রয়েছেন— ইআরপিপি প্রকল্পের পরিচালক ডা. মো. ইকবাল কবির, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. সানিয়া তাহমিনা ঝোরা, অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, সাবেক সহকারী পরিচালক ডা. মো. শরিফুল হাসান, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মোহা. আনোয়ার সাদাত ও মেডিকেল অফিসার ডা. অনির্বান সরকার।
এ ছাড়া বিভিন্ন সরবরাহকারী ও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বা ব্যবস্থাপনা অংশীদারদের আসামি করা হয়েছে। তাঁরা হলেন— জাদিদ অটোমোবাইলসের স্বত্বাধিকারী কাজী শামীমুজ্জামান, ই-মিউজিকের স্বত্বাধিকারী মো. হোসনী ইয়ামিন, ব্রেইন স্টেশন ২৩ লিমিটেডের স্বত্বাধিকারী রইসুল কবীর, ইনশা ট্রেড করপোরেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সিম করপোরেশনের ব্যবস্থাপনা অংশীদার মো. মোস্তফা মনোয়ার এবং এসআরএস ডিজাইন অ্যান্ড ফ্যাশন লিমিটেডের স্বত্বাধিকারী মো. সাইফুর রহমান।
দুদকের অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক অসদাচরণ, বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। এসব ঘটনায় দণ্ডবিধির ৪০৯, ৪২০, ১২০বি ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।
প্রথম মামলায় জাহিদ মালেকসহ আটজনকে আসামি করা হয়েছে। ইআরপিপি প্রকল্পের প্যাকেজ জিডি-০১-এর আওতায় কে এন৯৫ ও এন৯৫ মাস্ক এবং হ্যান্ড গ্লাভস কেনায় ৩ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ১৫০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় জাহিদ মালেকের সঙ্গে রয়েছেন ইকবাল কবির, সানিয়া তাহমিনা ঝোরা, নাসিমা সুলতানা, কাজী শামীমুজ্জামান, শরিফুল হাসান, আনোয়ার সাদাত ও অনির্বান সরকার।
দ্বিতীয় মামলায় ছয়জনের বিরুদ্ধে প্যাকেজ জিডি-১৩-এর আওতায় পাঁচ ও তিন ফাংশনের ইলেকট্রিক হাসপাতাল বেড কেনায় ১ কোটি ৪৮ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে। আসামিরা হলেন ইকবাল কবির, সানিয়া তাহমিনা ঝোরা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শরিফুল হাসান, আনোয়ার সাদাত ও অনির্বান সরকার।
তৃতীয় মামলায় জাহিদ মালেকসহ আটজনের বিরুদ্ধে প্যাকেজ জিডি-০৫-এর আওতায় কে এন৯৫ মাস্ক কেনায় ৯৩ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এ মামলায় জাহিদ মালেক ছাড়াও ইকবাল কবির, সানিয়া তাহমিনা ঝোরা, নাসিমা সুলতানা, সাইফুর রহমান, শরিফুল হাসান, আনোয়ার সাদাত ও অনির্বান সরকার আসামি।
চতুর্থ মামলায় ইকবাল কবির, সানিয়া তাহমিনা ঝোরা, নাসিমা সুলতানা ও ই-মিউজিকের স্বত্বাধিকারী মো. হোসনী ইয়ামিনকে আসামি করা হয়েছে। প্যাকেজ এসডি-০২-এর আওতায় জনসচেতনতা, শিক্ষা, ঝুঁকি যোগাযোগ ও ভুল তথ্য প্রতিরোধে টিভিসি প্রচারের জন্য সেবা কেনায় অনিয়মের অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধানে টিভিসি প্রচার না করেই ৬২ লাখ ৭৩ হাজার ৪৭০ টাকা অতিরিক্ত পরিশোধ ও গ্রহণের মাধ্যমে আত্মসাতের তথ্য পাওয়া গেছে।
পঞ্চম মামলায় সাতজনের বিরুদ্ধে প্যাকেজ জিডি-০৮-এর আওতায় হ্যান্ডহেল্ড থার্মোমিটার, কে এন৯৫ মাস্কসহ চিকিৎসা ও সার্জিক্যাল সামগ্রী কেনায় ২ কোটি ১৬ লাখ ৯৭ হাজার ৬১৫ টাকা ৫০ পয়সা অতিরিক্ত পরিশোধ ও গ্রহণের অভিযোগ করা হয়েছে। এতে ইকবাল কবির, সানিয়া তাহমিনা ঝোরা, নাসিমা সুলতানা, মো. মোস্তফা মনোয়ার, শরিফুল হাসান, আনোয়ার সাদাত ও অনির্বান সরকারকে আসামি করা হয়েছে।
ষষ্ঠ মামলায় পাঁচজনের বিরুদ্ধে প্যাকেজ এসডি-০১-এর আওতায় ‘করোনাবিড মোবাইল অ্যাপ’ ও ‘ন্যাশনাল করোনা কেয়ার সিস্টেম সেন্ট্রাল ওয়েব-অ্যাপ্লিকেশন’ সেবা কেনায় ৩ কোটি ৩২ লাখ ৬৪ হাজার টাকা অতিরিক্ত পরিশোধ ও গ্রহণের মাধ্যমে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এতে ইকবাল কবির, সানিয়া তাহমিনা ঝোরা, নাসিমা সুলতানা, ব্রেইন স্টেশন ২৩ লিমিটেডের স্বত্বাধিকারী রইসুল কবীর এবং সিম করপোরেশনের ব্যবস্থাপনা অংশীদার মো. মোস্তফা মনোয়ারকে আসামি করা হয়েছে।
দুদকের অনুসন্ধান অনুযায়ী, করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় কোভিড-১৯ মোকাবিলায় জরুরি পণ্য ও সেবা কেনার জন্য ইআরপিপি প্রকল্প নেওয়া হয়। বিশ্বব্যাংকের প্রতিনিধি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে প্রকল্পটি অনুমোদন করা হয়। এর আওতায় বিভিন্ন করোনা সামগ্রী ও সেবা কিনতে ছয়টি প্যাকেজে কার্যক্রম পরিচালনা করা হয়।
পরে এসব কেনাকাটায় অনিয়মের অভিযোগের অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধান শেষে ছয়টি পৃথক প্রতিবেদন দেওয়া হয়। প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা করার সুপারিশ করা হলে কমিশন তা অনুমোদন করে।

৯২ জন পুলিশ সদস্যকে পুলিশের পদক দিতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে চার ক্যাটাগরিতে পদকপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব নাসরীন সুলতানা এতে স্বাক্ষর করেছেন।
১৯ মিনিট আগে
গোপন তৎপরতা চালানোর অভিযোগে ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চার শতাধিক শিক্ষকের বিরুদ্ধে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠন করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তদন্ত কমিটি প্রত্যাহার ও ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর দেওয়া আবেদন নিষ্পত্তি না করা কেন...
১ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুটি মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সদস্য পদ নিয়ে দুই মাসেও স্পিকারের কোনো চিঠি পায়নি ইসি সচিবালয়। নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আসেনি। চিঠি আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
২ ঘণ্টা আগে