
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভাবমূর্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। তিনি বলেছেন, ‘কোনো চাপের মধ্যে না থেকে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন।’
১৬৭ দিন কমিশনশূন্য থাকার পর দায়িত্ব নেওয়া দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান আজ বুধবার তাঁর প্রথম কার্যদিবস শুরু করেন। একই সঙ্গে দুজন কমিশনার জাহাঙ্গীর আলম খান ও সাজ্জাদ হোসেন ভূঁইয়ারও আজ কার্যদিবস ছিল। কমিশনে যোগদানের পর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। পরে বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার।
দুদক অতীতে রাজনৈতিক সরকারের সময় স্বাধীনভাবে কাজ করতে পারেনি, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘ইনশাআল্লাহ, আমরা কোনো চাপের মধ্যে নেই।’
প্রথম কার্যদিবসের অভিজ্ঞতা তুলে ধরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান বলেন, ‘আজকে আমাদের প্রথম কার্যদিবস ছিল দুদকের। আমরা কাজ শুরু করেছি। আমরা চাই মানুষের প্রত্যাশা পূরণ করে, প্রত্যাশা অনুযায়ী দেশের জন্য কাজ করতে পারি, দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে পারি। দেশ থেকে দুর্নীতি মুক্ত করার যথোপযুক্ত চেষ্টা করতে পারি।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘আমরা কাজ করা শুরু করে দিয়েছি। ইনশাআল্লাহ আগামী দিনে ভালো ফলাফল নিয়ে আসতে পারব বলে আমাদের প্রত্যাশা আছে।’
আওয়ামী লীগ সরকারের সময় শুরু হওয়া বিভিন্ন অভিযোগের অনুসন্ধান, আগের কমিশনের হাতে থাকা ফাইল এবং আলোচিত বিভিন্ন বিষয়ে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ‘আমাদের সামনে এখনো ওই রকম কোনো ফাইল আসে নাই। আমরা বসছি কেবল। আসুক, আমরা যা করব আপনারা নিজেরাই দেখতে পাবেন।’
আগাম কোনো প্রতিশ্রুতি দিতে চান না জানিয়ে তিনি বলেন, ‘এসব নিয়ে ইন অ্যাডভান্স আমরা কথা বলতে চাই না। এক কথা বললাম আর কাজ করতে পারলাম না, পরবর্তী সময়ে আপনারাই তো প্রশ্ন তুলবেন। অতএব দয়া করে আমাদের সুযোগ করে দিন। আমরা স্বাধীনভাবে কাজ করছি। আমাদের সামনে কোনো সমস্যা আসুক, আমরা সমাধান অত্যন্ত সুন্দরভাবে করতে পারব।’
বিগত সরকারের সময়ের করা মামলা, তদন্ত শেষে চার্জশিট না দেওয়ার অভিযোগ এবং বিদেশে পালিয়ে থাকা দুদকের মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে চেয়ারম্যানকে প্রশ্ন করেন সাংবাদিকেরা। তবে তিনি জবাবে নির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা বলেননি। তিনি প্রায় একইরকম বক্তব্যে বলেন, ‘আমার সামনে এখন পর্যন্ত কোনো ফাইল এখনো আসে নাই। আমরা বসছি। বসলে কী হচ্ছে আপনারা আমাদের প্রেস উইং থেকে সমস্ত তথ্যগুলোই জানতে পারবেন।’
দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা এবং অর্থ পাচার রোধে নতুন কমিশনের পরিকল্পনা কী, এ প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘প্ল্যান নিয়ে তো কাজ করতে হবে। পাচারকারী নিয়ে আমরা তো বসি নাই এখনো। আমরা বসি, আমরা জানাব।’
জনগণের উদ্দেশে কোনো বার্তা আছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘জনগণের করণীয় কিচ্ছু না, জনগণের কাজ ওয়েট করা। আমরা কী করছি, তা দেখা। ইনশাআল্লাহ জনগণের প্রত্যাশা পূরণ হবে, হতাশ হবে না।’
দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান আরও বলেন, ‘আমরা এই সাড়ে চার কোটি বিষাদগ্রস্ত মানুষের প্রত্যাশা সামনে রেখেই কিন্তু এখানে আসছি। আল্লাহ আমাদের সহায় হোন, আপনাদেরও সহায় হোন।’
অন্যদিকে নতুন কমিশনের কাজের ফলাফলের ভিত্তিতে মূল্যায়ন করার আহ্বান জানিয়েছেন কমিশনার জাহাঙ্গীর আলম খান। চেয়ারম্যানের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, ‘বৃক্ষ তোমার নাম কী, ফলে পরিচয়।’
অপর কমিশনার সাজ্জাদ হোসেন ভূঁইয়া বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে চেয়ারম্যানের নেতৃত্বে কমিশন প্রতিটি বিষয়ে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নেবে। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা দেখতে পাবেন।’

মিয়ানমারের পরিস্থিতি অনুকূল হলে রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে রয়েছে যুক্তরাজ্য।
১৪ মিনিট আগে
রাশিয়ার তিভের অঞ্চলে কালিনিন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কুলিং ওয়াটার উৎস হিসেবে ব্যবহৃত উদোমলিয়া হ্রদে ২৮ ও ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হলো রসাটমের চতুর্থ আন্তর্জাতিক ফিশিং টুর্নামেন্ট। এ প্রতিযোগিতায় বাংলাদেশসহ ১১টি দেশের শৌখিন মৎস্য শিকারিরা (অ্যাঙ্গোলার) অংশ নেন।
১৮ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানা এলাকায় গার্মেন্টসকর্মী রুবেলের মৃত্যুর ঘটনায় দায়ের হত্যা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন আশরাফুল হক তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
২৪ মিনিট আগে
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে সুপারনিউমারারিতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ১২ জন, ডিআইজি পদমর্যাদার তিন জন এবং পুলিশ সুপার পদমর্যাদার নয় জন কর্মকর্তা রয়েছেন।
৪২ মিনিট আগে