দেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি। তবে এই ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে ভোটারদের প্রভাবিত করতে প্রতিবেশী দেশ ভারত থেকে ব্যাপকভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে।
২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সেখানে রয়েছেন তিনি। বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে স্পর্শকাতর বিভিন্ন ছবি তৈরি করা হচ্ছে এবং অনলাইনে জনমত প্রভাবিত করার জন্য এসব ছবি ছড়িয়ে দেওয়া হচ্ছে নিয়মিত।
এমন অপতথ্য ছড়ানো বন্ধে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের সাহায্য চেয়ে বলেছেন, নির্বাচনকে ঘিরে অপতথ্যের বন্যা বয়ে যাচ্ছে। স্থানীয়ভাবে যেমন অপতথ্য ছড়ানো হচ্ছে, তেমনি বিদেশি গণমাধ্যম ব্যবহার করেও ছড়ানো হচ্ছে অপতথ্য।
বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১০% সংখ্যালঘু সম্প্রদায়ের। এর মধ্যে হিন্দুর সংখ্যাই বেশি। বার্তা সংস্থা এএফপি বলছে, যেসব অপতথ্য ছড়ানো হচ্ছে, এর কেন্দ্রে রয়েছে সংখ্যালঘু নির্যাতন। এসব অপতথ্য ছড়িয়ে দাবি করা হচ্ছে, বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণ চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব পোস্টের সঙ্গে ‘হিন্দু জেনোসাইডের’ মতো হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে।
তবে পুলিশ বলছে ভিন্ন কথা। তাদের দেওয়া তথ্য অনুসারে, ২০২৫ সালের সংখ্যালঘু নির্যাতনের ৬৪৫টি ঘটনা তাদের নজরে এসেছে। তবে এর মধ্যে সাম্প্রদায়িক সংঘাত ছিল ১২ শতাংশ। বাকিগুলোর সঙ্গে সাম্প্রদায়িক উসকানি নেই।
বাংলাদেশে অপতথ্য ছড়ানো নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তন প্রতিষ্ঠান ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজ হেট’। তাদের দেওয়া তথ্য অনুসারে, এক্সে (সাবেক টুইটার) ১ লাখ ৭০ হাজার অ্যাকাউন্ট ব্যবহার করে অপতথ্য ছড়িয়ে ৭ লাখ পোস্ট করা হয়েছে। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত এসব পোস্ট করা হয়। এসব পোস্টে দাবি করা হয়েছে, বাংলাদেশে ‘হিন্দু গণহত্যা’ চলছে।
এই প্রতিষ্ঠানের প্রধান রাকিব নায়েক বলেন, ‘ভারত থেকে সংঘবদ্ধভাবে মিথ্যা বা অপতথ্য ছড়ানো হচ্ছে, এটা আমরা শনাক্ত করেছি। বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে ব্যাপকভাবে সহিংসতা হচ্ছে, এমন মিথ্যা দাবি করা হচ্ছে এসব পোস্টে।’
কোন কোন দেশ থেকে এমন অপতথ্য ছড়ানো হচ্ছে, এ প্রসঙ্গে রাকিব বলেন, ৯০ শতাংশ অপতথ্য ছড়ানো হচ্ছে ভারত থেকে। এ ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত হিন্দুত্ববাদীদের হাত ধরে আসছে বাকি ১০ শতাংশ অপতথ্য।
অপতথ্যের এমন বেশ কিছু পোস্ট ভেরিফাই করেছে এএফপি। এর একটি ভিডিও দেখা যাচ্ছে, এক নারী তাঁর হাত হারিয়েছেন। ভিডিওটি এআই দিয়ে তৈরি। ওই নারী বলছেন, বিএনপিকে ভোট দেবেন না।
আরেকটি ভিডিওতে দেখা যায়, এক হিন্দু নারী অভিযোগ করছেন, তাঁর সম্প্রদায়ের মানুষদের বলা হয়েছে, জামায়াতে ইসলামীকে ভোট না দিলে তাঁদের ভারতে পাঠিয়ে দেওয়া হবে। আরেকটি ভিডিওতে দেখা যায়, সাধারণ মানুষ শেখ হাসিনার প্রশংসা করছেন।
ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে এমন এআই দিয়ে তৈরি ভিডিও ছড়ানো হচ্ছে। এর কয়েক শ ভিডিও পর্যবেক্ষণ করেছে এএফপি। তাদের প্রতিবেদনে বলা হচ্ছে, অধিকাংশ ভিডিওতে কোথাও উল্লেখ করা হয়নি, এগুলো এআই দিয়ে তৈরি।
এসব নিয়ে কথা হয় ঢাকাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘ডিজিটালি রাইটের’ প্রধান মিরাজ আহমেদ চৌধুরীর সঙ্গে। তিনি বলেন, ‘আমরা লক্ষ করছি, অতীতের যেকোনো সময়ের চেয়ে মিথ্যা তথ্য এখন বেশি ছড়ানো হচ্ছে। বিনা মূল্যে এআই টুলস ব্যবহার করা যায়। এতে করে স্পর্শকাতর বিষয়ে ভুয়া ছবি তৈরিও সহজ হয়েছে।’
এ নিয়ে এএফপির সঙ্গে কথা বলেছেন নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী। তাঁর মতে, এআই দিয়ে তৈরি এসব ছবি বাংলাদেশের আসন্ন নির্বাচনের জন্য একটি ঝুঁকির পরিবেশ সৃষ্টি করছে। কারণ, এই দেশের অধিকাংশ সাধারণ মানুষের বড় অংশের তথ্য ক্রসচেক করার বিষয়ে সচেতনতা নেই। ফলে এমন ভুয়া ভিডিও বা ছবি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করা সহজ হচ্ছে।

অন্তর্বর্তী সরকার উৎখাতের ষড়যন্ত্র এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলায় অভিযোগ গঠন বিষয়ে আরও শুনানির জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করা হয়েছে।
১ ঘণ্টা আগে
নারী ও শিশু মন্ত্রণালয়ের ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরির যন্ত্রপাতি পুরোনো হওয়ায় এর কার্যকারিতা হ্রাস পেয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ সোমবার বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে নারী ও শিশু মন্ত্রণালয়ের ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরির উপদেষ্টা পরিষদের
৩ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের তেমন কোনো ব্যর্থতা নেই বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, সরকারের লক্ষ্যমাত্রার ৯০ শতাংশ পূরণ হয়েছে।
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে বাংলাদেশে আসা বিদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের পেশাগত সহায়তা প্রদানের লক্ষ্যে একটি ‘মিডিয়া সেন্টার’ ও হটলাইন সেবা চালু করেছে সরকার। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগে