Ajker Patrika

ফরিদপুরে ডিবি পরিচয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর বাড়িতে গিয়ে হুমকি

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ৩৪
ফরিদপুরে ডিবি পরিচয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর বাড়িতে গিয়ে হুমকি
ফরিদপুরে ডিবি পরিচয়ে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর বাড়িতে গিয়ে হুমকি। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে ডিবি পরিচয়ে এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজেও বিষয়টি ধরা পড়েছে। তবে এ ঘটনায় নির্বাচন ও বিচারিক কমিটিকে কেউ কিছু জানায়নি বলে জানা গেছে।

আজ সোমবার ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী (ফুটবল) এ এ এম মুজাহিদ বেগ এসব তথ্য জানান।

জানা যায়, গতকাল রোববার রাতে উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পুটিয়া গ্রামের বাসিন্দা আব্দুস সামাদ মাতুব্বরের বাড়িতে ডিবি-পুলিশ পরিচয়ে ১০ জন লোক হানা দেন।

বাড়ির সিসিটিভি ক্যামেরায় দেখা যায়, রাত ২টা ১৮ মিনিটে একটি প্রাইভেট কার ও দুটি মাইক্রোবাসে করে তাঁরা আসেন। এ সময় তাঁরা বাড়ির ভেতরে প্রবেশ করে দরজায় শব্দ করতে থাকেন। এর মধ্যে দুজনের কাঁধে ঝোলানো শটগান (আগ্নেয়াস্ত্র) দেখা যায়।

দরজায় দাঁড়িয়ে তাঁদের বলতে শোনা যায়, ‘এই বাবুল, (সামাদ মাতুব্বরের ছেলে) দরজা খোল, আমরা থানা থেকে আসছি।’ প্রায় ১০ মিনিট অবস্থান করে পরে ২টা ২৮ মিনিটে চলে যান তাঁরা।

এ বিষয়ে বাবুল মাতুব্বর আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মুজাহিদ ভাইকে ভালোবেসে তাঁর নির্বাচন করছি, কিন্তু প্রতিনিয়ত বিএনপির লোকজন আমাকে হুমকি দিয়েছে। এর মধ্যে গতকাল রাত আড়াইটার দিকে তিনটি গাড়িতে করে অনেক লোক আসে, তারা আমাকে ডাকতে থাকে এবং থানা থেকে এসেছি বলে জানায়।

‘তখন আমি ও আমার পরিবার আতঙ্কিত হয়ে পড়ি। তারা দরজার বাইরে থেকে আমাকে বলে—‘‘তুই ফুটবলের সঙ্গে থাকলে গুলি করে মেরে ফেলব।’’’ এর আগে আরও দুই দিন হানা দেয় বলে জানান তিনি।

যোগাযোগ করলে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, রাতে থানা থেকে কোনো পুলিশ ওই গ্রামে যায়নি। ঘটনার বিষয়ে তিনি বলেন, ‘ঘটনাটি আমার জানা নেই এবং থানায় কেউ অভিযোগও দেননি।’

অপর দিকে আজ সোমবার নির্বাচন ও বিচারিক কমিটির কাছে চরভদ্রাসন উপজেলার দুটি এলাকায় একই (স্বতন্ত্র) প্রার্থীর নারী কর্মীদের হেনস্তার অভিযোগ করা হয়েছে। অভিযোগ করেন মাকসুদা বেগম নামের এক নারী সমর্থক।

অভিযোগে বলা হয়, মুজাহিদ বেগের প্রচারপত্র বিলির সময় চরভদ্রাসন উপজেলার মৌলভীরচর বেলতলা এলাকার কৃষক দল নেতা কামরুল হাসান ফিরোজের নেতৃত্বে তাঁদের হেনস্তা করা হয়।

এ ছাড়া একই দিন বিকেলে উপজেলা সদরের স্বাধীনতা চত্বরে চরভদ্রাসন ডিজিটাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে ১২ জন নারী সমর্থককে আটকে রাখা হয়। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাশেদ আল ফারুকের নেতৃত্বে ১০-১২ জন যুবক নারীদের মোবাইল চোর আখ্যা দিয়ে হেনস্তা করেন। ঘটনাটি হাসপাতালের সিসি ক্যামেরাতেও দেখা যায়।

বিষয়টি নিয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিন বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই এবং কেউ মৌখিক বা লিখিত অভিযোগ দেয়নি।’

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ বলেন, ‘আমার নেতা-কর্মী ও সমর্থকদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে, প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছেন বিএনপির লোকজন। এমনকি রাতের বেলা ডিবি পরিচয়ে বিভিন্ন লোকের বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে, তুলে নিয়ে মারধরও করা হচ্ছে।’

মুজাহিদ আরও বলেন, ‘আমার নারী কর্মীরা কোথাও ভোট চাইতে গেলে হেনস্তা করা হয়। বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের কাছে প্রমাণসহ একাধিক অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। নির্বাচনী পরিবেশ নিয়ে আমি শঙ্কিত ও আতঙ্কিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত