Ajker Patrika

অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও শেখ হাসিনা প্রসঙ্গে যা বললেন তথ্য উপদেষ্টা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও শেখ হাসিনা প্রসঙ্গে যা বললেন তথ্য উপদেষ্টা
সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি : বাসস

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশটির মূলধারার গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ করে দেওয়াকে ‘অত্যন্ত অপ্রত্যাশিত ও অস্বস্তিকর’ (ইরিটেটিং) বলে মন্তব্য করেছে সরকার।

আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই মন্তব্য করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে ইতিবাচক কূটনৈতিক পরিবেশ বজায় রাখার স্বার্থে ভারত সরকারকে এ বিষয়ে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, সাবেক প্রধানমন্ত্রীর এই ধরনের তৎপরতার বিষয়ে ঢাকা ইতিমধ্যে দিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানিয়েছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিবাচক পরিবেশ রক্ষা করতে হলে ভারত সরকারের উচিত সেখানে বসে তাঁকে (শেখ হাসিনা) এ জাতীয় বক্তব্য প্রদান থেকে বিরত রাখা।’

ভারত সরকারের এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপ দুই দেশের সম্পর্ক উন্নয়নে একটি ‘পজিটিভ সিগন্যাল’ হিসেবে কাজ করতে পারে উল্লেখ করে তিনি বলেন, ঢাকায় দায়িত্বপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনারের কাছেও যেন সাংবাদিকেরা এ বিষয়ে নির্দিষ্ট প্রশ্ন উত্থাপন করেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিষয়ে বর্তমান সরকারের সুনির্দিষ্ট ও দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন উপদেষ্টা। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর নিশ্চিত করেছেন যে শেখ হাসিনার জন্য আইন অনুযায়ী আর কোনো আপিল করার সুযোগ অবশিষ্ট নেই। ফলে তাঁকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া রায় অনুযায়ী সাজা কার্যকর করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।

সম্প্রতি ইতালিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এই হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ কোনো স্বাভাবিক রাজনৈতিক দল নয়, এটি মূলত একটি মাফিয়া গ্যাং। তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা বা অপরাধবোধ দেখা যাচ্ছে না।’

উপদেষ্টা জানান, এই ন্যক্কারজনক হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়েছে। কোনো অপরাধীকেই এ বিষয়ে ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি।

সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগ প্রক্রিয়ায় মৌখিক পরীক্ষার (ভাইবা) নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে তৈরি হওয়া প্রশ্নের জবাব দেন তথ্য উপদেষ্টা। তিনি স্পষ্ট করে বলেন, এই পরিবর্তনের উদ্দেশ্য কোনো গোষ্ঠী বা প্রার্থীর প্রতি বৈষম্য সৃষ্টি করা নয়। বরং প্রশাসনিক কাজে আরও বেশি দক্ষ, যোগ্য ও মেধাভিত্তিক জনবল নিশ্চিত করার লক্ষ্যেই নীতিগত এই সংশোধন আনা হয়েছে।

অন্যদিকে, জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সের জন্য নতুন বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, এটি সরকারের দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার অংশ। সরকারের বাজেট থেকে এখনই এককালীন অর্থ পরিশোধ করতে হচ্ছে না; বরং ধাপে ধাপে দীর্ঘ সময় ধরে পেমেন্ট দেওয়া হবে।

প্রয়োজনীয়তা ও কৌশলগত মূল্যায়নের ভিত্তিতে ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘এয়ারবাস’ থেকেও উড়োজাহাজ সংগ্রহের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বিগত আমলের দীর্ঘসূত্রিতা ও কার্যকর পরিকল্পনার অভাবের সমালোচনা করেন ডা. জাহেদ উর রহমান। তিনি উল্লেখ করেন, পর্যাপ্ত সময় পাওয়া সত্ত্বেও আগে ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণ কিংবা বিকল্প জ্বালানি নিরাপত্তার সুদূরপ্রসারী সমাধান নিশ্চিত করা হয়নি।

বিদ্যমান এই সাময়িক সংকট কাটাতে ও দ্রুততম সময়ে দেশের মানুষের দুর্ভোগ কমাতে বর্তমান সরকার চীনের সঙ্গে বিশেষ চুক্তিসহ একাধিক জরুরি ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করছে বলে তিনি নিশ্চিত করেন।

বিশ্বজুড়ে সম্ভাব্য দীর্ঘস্থায়ী ‘এল নিনো’ আবহাওয়া পরিস্থিতি এবং জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, সে বিষয়ে ব্রিফিংয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তবে দেশের বর্তমান খাদ্য মজুদ পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘বর্তমানে দেশে ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে খাদ্যের সর্বোচ্চ মজুদ রয়েছে।’

তিনি আরও আশ্বস্ত করেন, বিশ্বব্যাপী জলবায়ু ঝুঁকি ও সম্ভাব্য খাদ্য সংকট দক্ষতার সঙ্গে সামাল দিতে তথ্য, কৃষি, খাদ্য ও বাণিজ্যসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মধ্যে নিবিড় সমন্বয় রেখে কাজ চালানো হচ্ছে।

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এই সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত