জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি-বেসরকারি ভবনে উড়বে জাতীয় পতাকা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ নভেম্বর সব সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার।
আজ রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে বলেছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে ৭ নভেম্বর সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতিবছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করতে গত ৫ অক্টোবর সিদ্ধান্ত দেয় মন্ত্রিসভা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্যাপনসংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে দিবসটি রাখা হয়েছে।
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থান হলে গৃহবন্দী হন জিয়াউর রহমান। ৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরও এক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। এর মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।
দিনটিকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস, হিসেবে পালন করে। আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় জাতীয় দিবসের তালিকায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ রাখা হয়নি। বিগত অন্তর্বর্তী সরকারের তালিকায়ও ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ছিল না।









