Ajker Patrika

এসএসএফের সাবেক ডিজি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ৪১
এসএসএফের সাবেক ডিজি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
ছবি: বাসস

স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সাবেক মহাপরিচালক মজিবুর রহমান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে প্রায় ১০ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম মামলা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. মজিবুর রহমান সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন—এমন অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে কমিশন।

অনুসন্ধানে মজিবুর রহমানের নামে ২ কোটি ৭১ লাখ ৬ হাজার ২৫২ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে।

দুদকের অভিযোগ, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ এসব সম্পদের মালিকানা তিনি অসাধু উপায়ে অর্জন করেছেন।

এ ঘটনায় মজিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

অন্যদিকে, মজিবুর রহমান ও তাঁর স্ত্রী তাসরীন মুজিবকে আসামি করে আরও একটি মামলা করার অনুমোদন দিয়েছে দুদক। এই মামলায় তাসরীন মুজিবের নামে ৭ কোটি ৫২ লাখ ৯ হাজার ১৯৩ টাকা মূল্যের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, স্বামীর সহায়তায় তাসরীন মুজিব জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ওই সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন করে ভোগদখলে রেখেছেন।

এ ঘটনায় মজিবুর রহমান ও তাসরীন মুজিবের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারা, দণ্ডবিধির ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫ (২) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

দুটি মামলায় অভিযোগ করা সম্পদের মোট মূল্য ১০ কোটি ২৩ লাখ ১৫ হাজার ৪৪৫ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত